লবণে আয়োডিন না মেশানো ও বিএসটিআইয়ের উৎপাদন লাইসেন্স না থাকায় চট্টগ্রামের আটটি লবণের কারখানাকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার নগরের মাঝিরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এ সময় তাঁকে সহায়তা করেন বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা শাফায়েত হোসেন, বিসিক চট্টগ্রামের কর্মকর্তা রমেশ চন্দ্র সাহা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, আইন অনুযায়ী লবণে আয়োডিন মেশানো ও উৎপাদনের জন্য লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। অভিযানে আটটি কারখানায় উৎপাদিত লবণে আয়োডিন পাওয়া যায়নি। এসব কারখানার সাতটির লাইসেন্স নেই। সে কারণে কারখানাগুলোকে মোট ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আয়োডিনবিহীন লবণ ফেলে দেওয়া হয়েছে।
বিএসটিআই সূত্র জানায়, অভিযানে তনয় সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিকে লবণে আয়োডিন না দেওয়ার অপরাধে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আয়োডিন না মেশানো ও লাইসেন্স না থাকায় নিউ রূপসা সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিকে এক লাখ টাকা, আহমেদিয়া সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিকে এক লাখ টাকা, তানভীর সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিকে ৭৫ হাজার টাকা, ফারিয়াল সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিকে ৭৫ হাজার টাকা, মায়া সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিকে ৫০ হাজার টাকা, এফএস সিন্ডিকেট সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিকে ৫০ হাজার টাকা ও এসটি সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।