আয়োজককে এক বছরের কারাদণ্ড, ২০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া টাকা না দেওয়ায় সিলেটে ২০১০ সালে বাণিজ্য মেলার আয়োজক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর এক বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিলেট চেম্বারের দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার সিলেটের যুগ্ম দায়রা জজ (তৃতীয় আদালত) মো. শহিদুল ইসলাম এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তি হচ্ছেন জেএম ট্রেড ইন্টারন্যাশনালে স্বত্বাধিকারী জুনায়েদ সেলিম (৩২)। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায়। ২০১০ সালে সিলেটের শাহি ঈদগাহ ময়দানে সিলেট চেম্বার আয়োজিত বাণিজ্য মেলার আয়োজক প্রতিষ্ঠান ছিল জেএম ট্রেড ইন্টারন্যাশনাল। আদালত সূত্র জানায়, বাণিজ্য মেলা শেষে জেএম ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী জুনায়েদ সেলিম ২০১০ সালের ২৪ জুলাই ডাচ্-বাংলা ব্যাংকের একটি চেকের মাধ্যমে সিলেট চেম্বারের অনুকূলে টাকা পরিশোধ করেন। চেম্বারের পক্ষ থেকে ওই চেক ব্যাংক হিসাবে জমা দেওয়া হলে ৩ আগস্ট চেকটি ডিজঅনার হয়। এ ব্যাপারে সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সচিব মো. এখলাছুর রহমান বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ২৪ আগস্ট আদালতে মামলার অভিযোগ গঠন হয়। নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত জুনায়েদ সেলিমকে এক বছরের কারাদণ্ড ছাড়াও ২০ লাখ ৩৭ হাজার ৮৭৫ টাকা জরিমানা করেন।