নারায়ণগঞ্জে পল্লী উন্নয়ন ও সমবায় মেলায় বিনা মূল্যে স্টল বরাদ্দ দেওয়ার ঘোষণা থাকলেও স্টল-প্রতি তিন হাজার টাকা দাবি করা হয়েছে বলে স্টল-মালিকেরা অভিযোগ করেছেন। এ ঘটনায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের কর্মীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। যুবসংগঠক মরিয়ম আক্তার লতা অভিযোগ করেন, মেলা শুরুর আগে সমবায় অফিসের কর্মকর্তারা আয়োজন নিয়ে সংশয়ে ছিলেন। একপর্যায়ে তাঁরা বিনা মূল্যে স্টল বরাদ্দের সিদ্ধান্ত নেন। গতকাল শনিবার মেলার শেষ দিনে সকাল থেকেই জেলা সমবায় কর্মকর্তা নুরুল আলম ও জেলা প্রশাসনের নাজির প্রাণ কৃষ্ণ মেলায় এসে স্টল-মালিকদের কাছে তিন হাজার টাকা করে দাবি করেন। টাকা না দেওয়া হলে স্টলের মালামাল আটকে দেবেন বলেও জানিয়ে দেন তাঁরা।লতার অভিযোগ, ‘স্টলের জন্য কোনো টাকা লাগবে না ঘোষণা দেওয়ায় আমরা স্টল বরাদ্দ নিয়েছি। আমি টাকা দেব না বলে জানালে তাঁরা আমার সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন। সমবায় মেলায় স্টল দিয়ে আমরা উল্টো হয়রানির শিকার হচ্ছি।’এ ব্যাপারে নুরুল আলম বলেন, ‘প্রথমবারের মতো মেলার আয়োজন করায় অনেক হিসাব আমরা আগাম হিসাব করতে পারেনি। স্টল, প্রচারণা, ডেকোরেটরসহ অন্যান্য কাজে মেলার জন্য সরকারি বরাদ্দের সব অর্থই খরচ হয়ে গেছে। এখনো বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় স্টল-মালিকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে।’ তবে টাকা দিতে ব্যর্থ হলে স্টল-মালিকদের মালামাল আটকে দেওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, ‘কেউ টাকা দিতে না পারলে বিষয়টি বিবেচনা করা হবে।’ প্রসঙ্গত গত ১৯ নভেম্বর শুরু হওয়া এ মেলা গতকাল শেষ হয়। মেলায় মোট ২২টি স্টল ছিল।