আয়-ব্যয়ের হিসাব জমা দিতে ৪০ দলকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার দলগুলোর সাধারণ সম্পাদক ও মহাসচিব বরাবর এই চিঠি পাঠানো হয়েছে।
রাজনৈতিক দলের নিবন্ধন আইন অনুযায়ী দলগুলোকে ৩১ জুলাইয়ের মধ্যে এই হিসাব বিবরণী জমা দিতে বলা হয়েছে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে রায় দেওয়ায় দলটিকে চিঠি দেওয়া হয়নি।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম গতকাল সাংবাদিকদের বলেন, দলগুলোকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই চিঠি দেওয়া হয়েছে। তবে জামায়াতকে কোনো চিঠি দেওয়া হয়নি।
নিবন্ধন আইন অনুযায়ী, নিবন্ধিত দলকে প্রতি পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নিবন্ধিত নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নিরীক্ষা করিয়ে পরের বছরের ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনে জমা দিতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনো দল পরপর তিন বছর হিসাব বিবরণী জমা দিতে ব্যর্থ হলে দলটির নিবন্ধন বাতিল হবে।