ই-কনটেন্ট ও উন্নয়নে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে প্রতিযোগিতা
বাংলাদেশে প্রথমবারের মতো ই-কনটেন্ট ও উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। গতকাল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি বলেন, ‘আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। গত এক বছরে আমাদের এই সরকার অনেক এগিয়ে নিয়েছে দেশকে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশ অনেকগুলো ভালো কনটেন্ট পাবে।’ বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডিনেট (ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক) যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করছে। অনুষ্ঠানে ডিনেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান ই-কনটেন্ট ও উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি পুরস্কার ২০১০ প্রতিযোগিতার বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সব উদ্যোগের উদ্দেশ্য হলো মানুষের জীবন ও সমাজ উন্নয়ন। প্রতিযোগিতার বিষয়গুলো মানুষ ও সমাজকে ঘিরে। ই-গভর্নমেন্ট ও প্রতিষ্ঠান, স্বাস্থ্য, শিক্ষা, ই-গেমস, বিনোদন, সংস্কৃতি ও ঐতিহ্য, বিজ্ঞান, পরিবেশ, ব্যবসা-বাণিজ্য, উদ্যোগ ও জীবিকা, অংশগ্রহণ, স্থানীয়করণ (তৃণমূলের ক্ষমতা), সংবাদ, মোবাইল কনটেন্ট—এই ১৪টি ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হবে। ডিনেটের নির্বাহী পরিচালক প্রথম আলোকে জানান, প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য কিছু নিয়ম রাখা হয়েছে। শ্রেষ্ঠ উদ্যোগ নির্বাচনের নীতিমালা ও মাপকাঠি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর একসেস টু ইনফরমেশন পরামর্শক মুনির হাসান উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি এবং ই-আধেয় সমাচার উপস্থাপন করেন। এ ছাড়া প্যানেল আলোচনায় অংশ নেন আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম। প্রধানমন্ত্রীর একসেস টু ইনফরমেশন সুপর্ণা রায় ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাধারণ সম্পাদক ইনামুল কবির বক্তব্য দেন। প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময়সীমা ২০ মার্চের মধ্যে। প্রতিযোগিতা শ্রেষ্ঠ উদ্যোগসমূহ বাছাই ও পুরস্কার দেওয়া হবে এপ্রিলে। htp://naward.dnet.org.bd, thedailystar.net, prothom-alo.com, comjagat.com এই চারটি ওয়েবসাইটের মাধ্যমে মনোনয়ন জমা দেওয়া যাবে। প্রতিযোগিতার বিস্তারিত htp://naward.dnet.org.bd এই ওয়েবসাইটে দেখা যাবে। এই প্রতিযোগিতায় বিজয়ী শ্রেষ্ঠ আটটি উদ্যোগ বিশ্ব শীর্ষ সম্মেলনে ২০১১-এর জন্য মনোনীত করা হবে। ডেইলি স্টার ও প্রথম আলো এই কর্মসূচির সহযোগী। চ্যানেল আই এবং রেডিও এবিসি মিডিয়া সহযোগী।