ই-কমার্স পোর্টাল এনআরবিবাইসেলের যাত্রা শুরু

বাংলাদেশ থেকে চালু হলো আন্তর্জাতিক মানের ই-কমার্স পোর্টাল এনআরবিবাইসেল ডট কম (nrbbuysell. com)। বলা হচ্ছে, এটি বাংলাদেশ থেকে চালু হওয়া প্রথম গ্লোবাল ই-কমার্স সাইট। আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই ই-কমার্স সাইটটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমি মনে করি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আমাদের দেশের জন্য অত্যন্ত উপযোগী। কারণ, অর্থনীতির বিভিন্ন বিলম্বায়ন হয়, তা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে অতীতে সহজে অতিক্রম করে যায়। এটা আমাদের জাতীয় শত্রু ঘুষ-দুর্নীতির সবচেয়ে বড় প্রতিষেধক। এটাতে দুর্নীতির কোনো সুযোগ থাকে না। বাংলাদেশে এ খাতে অনেক উন্নতি হয়েছে। আর এ জন্য সবচেয়ে অসুখী, দুঃখ ও কষ্ট পেয়েছে দুর্নীতিবাজরা।’
ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানি আহরণে এ ধরনের পোর্টাল সহায়তা হবে উল্লেখ করে অর্থমন্ত্রী মুহিত বলেন, ‘আমি আগেই বলেছি, সরকারের শেষ বছরের বাজেটের আয়তন হবে পাঁচ লাখ কোটি টাকা। ব্যবসা-বাণিজ্যের নতুন এসব ধরনের সহায়তা না পেলে তা সম্ভব হবে না।’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, আপনার সবকিছু অনলাইনে আছে। কিন্তু ভোক্তার যদি ক্রয়ক্ষমতা না থাকে, তাহলে কোনো বাণিজ্য কাজে আসবে না। এখানে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বিভিন্ন মেগা প্রজেক্ট নিয়ে দারিদ্র্য দূরীকরণ করে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ বিনির্মাণের নীতি নিয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশে সাড়ে চার কোটি মধ্যবিত্ত জনগোষ্ঠী তৈরি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এনআরবিবাইসেলের কার্যক্রমের আদ্যোপান্ত তুলে ধরেন পোর্টালটির চেয়ারম্যান দিলারা এ খান। তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা প্রায় দেড় কোটি। এসব মানুষকে দেশীয় দামে এবং স্বল্প পরিবহন ব্যয়ে স্বদেশি পণ্য ব্যবহারে সুযোগ প্রদান করতেই এনআরবিবাইসেল ডট কমের পথচলা। আমাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশে উৎপাদিত যেকোনো পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, বেসিসের সভাপতি শামীম আহসান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামাল আহমেদ, মাস্টারকার্ডের বাংলাদেশ প্রধান সৈয়দ মোহাম্মদ কামাল প্রমুখ।
পোর্টালটি বহির্বিশ্বের প্রথম গ্রাহক হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সুবীর চৌধুরী; যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী; জার্মানিতে আবদুল্লাহ আল ফারুক এবং কানাডায় মোজাম্মেল হক খানকে সমগ্র রবীন্দ্র রচনাবলী পাঠিয়েছে। এ ছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদারকে দেশীয় গ্রাহক হিসেবে সমগ্র রবীন্দ্র রচনাবলী পাঠিয়েছে।