ই-জুডিশিয়ারি নিয়ে ২ মাসের মধ্যে প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
দেশে ই-জুডিশিয়ারি ও ই-কোর্ট রুম চালুর পদক্ষেপ জানিয়ে প্রতিবেদন দিতে দুই মাস সময় দিয়েছেন হাইকোর্ট। দেড় বছর আগে করা এক রিটের ধারাবাহিকতায় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই সময় দেন।
ই-জুডিশিয়ারি প্রবর্তন ও ই-কোর্ট রুম চালুর নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভুইয়া ২০২০ সালে হাইকোর্টে রিট করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই বছরের ১৯ জানুয়ারি রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
রুলে দেশে ই-জুডিশিয়ারি ও ই-কোর্ট রুমের কার্যক্রম চালু করতে সব ধরনের পদক্ষেপ নিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল। ই-জুডিশিয়ারি ও ই-কোর্ট রুম প্রবর্তন বিষয়ে পদক্ষেপ জানিয়ে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে আইনসচিবকে নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি শুনানির জন্য ওঠে। আদালতে রিটের পক্ষে ফরহাদ উদ্দিন আহমেদ ভুইয়া নিজে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
শুনানিতে ফরহাদ উদ্দিন আহমেদ ভুইয়া বলেন, ২০২০ সালের ১৯ জানুয়ারি আদালত আদেশ দিয়েছিলেন। এখনো কোনো প্রতিবেদন আসেনি।
এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমারের উদ্দেশ্যে আদালত বলেন, ‘ই-জুডিশিয়ারি নিয়ে আমরা রুল দিয়েছিলাম। ই-জুডিশিয়ারি নিয়ে কী কাজ হচ্ছে, সে বিষয়ে মন্ত্রণালয়কে একটি রিপোর্ট দিতে বলা হয়েছিল। এখনো রিপোর্ট দেয়নি। আপনি (ডেপুটি অ্যাটর্নি জেনারেল) মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন, দুই মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেন। করোনার কারণে আরও দুই মাস সময় দেওয়া হলো।’ এরপর আদালত দুই মাসের জন্য শুনানি মুলতবি করে আগামী ২০ অক্টোবর পরবর্তী দিন রাখেন।
পরে ফরহাদ উদ্দিন আহমেদ ভুইয়া প্রথম আলোকে বলেন, ‘২০২০ সালের ১৯ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে ই-জুডিশিয়ারি ও ই-কোর্ট রুম চালুর বিষয়ে পদক্ষেপ জানিয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিলেন। এরপর গত জুনে বিষয়টি কার্যতালিকায় এলে আদালত আরও এক মাস সময় দেন। এ হিসাবে জুলাই মাসে প্রতিবেদন দেওয়ার দিন ধার্য ছিল। তবে করোনো পরিস্থিতিতে বিধিনিষেধ থাকায় শুনানি হয়নি। এর ধারাবাহিকতায় আজ রিটটি শুনানির জন্য ওঠে। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো প্রতিবেদন দাখিল করা হয়নি। আদালত পদক্ষেপ–সম্পর্কিত প্রতিবেদন দাখিল করতে দুই মাস সময় দিয়েছেন।’