ই-টোকেন ছাড়া নারীদের জন্য ভারতীয় ভিসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ই-টোকেন ও পূর্বনির্ধারিত সাক্ষাৎকারের সময়সূচি ছাড়াই নারী পর্যটকদের জন্য ভিসা চালু করতে যাচ্ছে ভারত। এরই অংশ হিসেবে আগামী ৩ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ঢাকায় ভারতীয় ভিসার গুলশানের আবেদন কেন্দ্রে ভারত ভ্রমণে আগ্রহী নারীরা পরিবারের সদস্যদের পক্ষে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

ঢাকায় ভারতীয় হাইকমিশন আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে ভারতীয় হাইকমিশন ই-টোকেন ছাড়া ভারত ভ্রমণে সক্ষম নারীদের জন্য ভারতীয় ভিসা দেওয়ার কর্মসূচি চালু করবে। পরীক্ষামূলক কর্মসূচির আওতায় ৩ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ভিসা আবেদন কেন্দ্র বাড়ি ১২, সড়ক ১৩৭, গুলশান-১, ঢাকা-১২১২-তে চলবে। ভারত গমনে ইচ্ছুক নারীরা তাঁদের সঙ্গী পারিবারিক সদস্যদের পক্ষে ভ্রমণ ভিসার আবেদনও জমা দিতে পারবেন। আবেদনের সময় নারী আবেদনকারী এবং তাঁর পরিবারের সদস্য ভিসাপ্রার্থীদের নিশ্চিত বিমান টিকিট থাকতে হবে (প্রবেশের সময় দেখাতে হবে)। ভ্রমণের তারিখ অক্টোবর মাসেই হতে হবে। 

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভিসার এই কর্মসূচি মৌসুমে ভারতীয় ভিসা পাওয়া সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর লক্ষ্যে নারী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য শুভেচ্ছার নিদর্শন।