ই-টোকেন ছাড়া নারীদের জন্য ভারতীয় ভিসা
ই-টোকেন ও পূর্বনির্ধারিত সাক্ষাৎকারের সময়সূচি ছাড়াই নারী পর্যটকদের জন্য ভিসা চালু করতে যাচ্ছে ভারত। এরই অংশ হিসেবে আগামী ৩ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ঢাকায় ভারতীয় ভিসার গুলশানের আবেদন কেন্দ্রে ভারত ভ্রমণে আগ্রহী নারীরা তাঁদের পরিবারের সদস্যদের পক্ষে ভিসার আবেদন জমা দিতে পারবেন। ঢাকায় ভারতীয় হাইকমিশন গত বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে ভারতীয় হাইকমিশন ই-টোকেন ছাড়া ভারত ভ্রমণে আগ্রহী নারীদের জন্য ভিসা দেওয়ার কর্মসূচি শুরু করবে। এ কর্মসূচি চলবে ৩ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (বাড়ি ১২, সড়ক ১৩৭, গুলশান-১, ঢাকা-১২১২)। নারীরা ভারতে গমনেচ্ছুক তাঁদের সঙ্গী পারিবারিক সদস্যদের পক্ষে ভ্রমণ ভিসার আবেদনও জমা দিতে পারবেন। আবেদনের সময় নারী আবেদনকারী এবং তাঁর পরিবারের সদস্য ভিসাপ্রার্থীদের নিশ্চিত বিমান টিকিট থাকতে হবে (প্রবেশের সময় দেখাতে হবে)। ভ্রমণের তারিখ অক্টোবর মাসেই হতে হবে, তবে ভিসা আবেদন জমা দেওয়ার সাত দিন পর।
ভিসার এই কর্মসূচি ছুটির মৌসুমে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নারী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য শুভেচ্ছার নিদর্শন।