ই-টোকেন ছাড়া ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাক্ষাতের তারিখ বা ই-টোকেন ছাড়াই ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণের জন্য ঈদ ক্যাম্পের আয়োজন করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। আগামী ৪ থেকে ১৬ জুন (শুক্রবার ১০ জুন) পর্যন্ত সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত এই আবেদন করা যাবে। ঈদ ভিসা ক্যাম্প হবে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্স ১-৩ জাতিসংঘ সড়কে।
ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বারিধারায় পার্ক রোডের চ্যান্সেরি ফটক দিয়ে ক্যাম্পে ঢুকতে হবে। ক্যাম্পের ভেতর কোনো ব্যাগ ও মুঠোফোন আনা যাবে না। বাংলাদেশে প্রথমবারের মতো আসন্ন ঈদের ছুটিতে ভারতে ভ্রমণেচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থায় এ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। তবে যেসব আবেদনকারীর সাক্ষাতের তারিখ বা ই-টোকেন আছে তাঁরা ঢাকার গুলশান, ধানমন্ডি, উত্তরা ও মতিঝিল এবং ঢাকার বাইরে বরিশাল, ময়মনসিংহ ও খুলনায় আইভিএসি কেন্দ্রে ভিসা আবেদন জমা দিতে পারবেন। মেডিকেল, বিজনেস ও অন্যান্য ভিসা বিভাগের আবেদনপত্র সংশ্লিষ্ট আইভিএসি কেন্দ্রগুলোতে নেওয়া হবে।
ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য শুধু এ ক্যাম্প খোলা থাকবে। আবেদনকারীদের সশরীরে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে হবে। তবে একসঙ্গে ভ্রমণেচ্ছুক পরিবারের সদস্যদের (পিতা-মাতা/ছেলে-মেয়ে/ স্বামী-স্ত্রী) পক্ষে একজন আবেদনপত্র জমা দিতে পারবেন।
আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ আবেদন করার তারিখ থেকে কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং পাসপোর্টে কমপক্ষে দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে।
ভিসা আবেদন গ্রহণের জন্য ভারতীয় হাইকমিশনের আউটসোর্সিং এজেন্সি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ভিসা প্রসেসিং ফি ৬০০ টাকা। ভিসা প্রসেসিং ফি ছাড়া আর কোনো ভিসা ফি নেই। ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতীয় হাইকমিশনের কোনো এজেন্ট বা মাধ্যম নেই। ভিসা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তিকে কোনো টাকা না দেওয়ার জন্যও বিজ্ঞপ্তিতে পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো তথ্যের জন্য ০৯৬১২৩৩৩৬৬৬ এবং ০৯৬১৪৩৩৩৬৬৬ নম্বরে ফোন করতে বলা হয়েছে।