ই-তথ্যকোষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রথমবারের মতো জাতীয় ই-তথ্যকোষের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এটি উদ্বোধন করেন। বাংলা ভাষার এই ই-তথ্যকোষ হচ্ছে মানুষের জীবন যাপন-সম্পর্কিত তথ্য ও জ্ঞানভান্ডার। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রামীণ জনগণের ক্ষমতায়ন ও আমাদের আর্থ-সামাজিক উন্নয়নে ই-তথ্যকোষ কার্যকর ভূমিকা পালন করবে।’ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশনের (এটুআই) জাতীয় প্রকল্প পরিচালক (এনপিডি) এম নজরুল ইসলাম খান, ইউএনডিপির আঞ্চলিক পরিচালক স্টিফেন প্রেইজনার ও অ্যাকশনএইডের আঞ্চলিক পরিচালক ফারাহ কবির। দুই শতাধিক সরকারি-বেসরকারি সংস্থার অংশগ্রহণে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও এটুআই যৌথভাবে এই ই-তথ্যকোষ তৈরি করেছে।প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে জনগণকে কৃষি ও স্বাস্থ্যসম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য অর্থ খরচ করে জেলা কিংবা উপজেলা শহরে যেতে হবে না। এর পরিবর্তে তারা কাছের ইউনিয়ন পর্যায়ের তথ্য ও সেবাকেন্দ্র থেকে তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবে।প্রধানমন্ত্রী সব মোবাইল কোম্পানিকে তাদের কনটেন্ট বাংলায় তৈরি করার অনুরোধ জানান, যাতে জনগণ তথ্য বুঝতে এবং তা তাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারে।প্রধানমন্ত্রী ই-তথ্যকোষ সম্পর্কে জনগণকে অবহিত করা এবং এই ডিজিটাল জ্ঞানভান্ডার ব্যবহার করে জনগণ কীভাবে লাভবান হতে পারে, সে সম্পর্কে তাদের জানাতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, তাঁর সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গড়তে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর ফলে দেশের জনগণ সরকারি কর্মকাণ্ডের সুফল পাচ্ছে। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার দেশের সব মানুষের কাছে তথ্যসেবা পৌঁছে দিতে গত জানুয়ারিতে সব জেলায় ওয়েব পোর্টাল চালু করেছে। তিনি বলেন, ‘আমরা গত নভেম্বরে সব ইউনিয়ন পরিষদে তথ্য সেবাকেন্দ্র স্থাপন এবং ডিসেম্বরে মোবাইল এসএমএসের মাধ্যমে আখ বিক্রির অনুমোদনপত্র অর্থাৎ ই-পুর্জি চালু করেছি।’ তথ্যকেন্দ্রের বিস্তারিত বিবরণ তুলে ধরে এটুআই প্রকল্পের পরিচালক এম নজরুল ইসলাম খান বলেন, ৫০ হাজার পৃষ্ঠার এই তথ্যকোষে চার ঘণ্টার অডিও এবং ২২ ঘণ্টার ভিডিও ফুটেজ রয়েছে। নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের কাছে চেক হস্তান্তর: প্রধানমন্ত্রী বিডিআর বিদ্রোহে নিহত ৫৮ জন সেনা কর্মকর্তার পরিবারের কাছে গতকাল আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছেন। গতকাল সন্ধ্যায় গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে চার লাখ ৮০ হাজার টাকার চেক দেওয়া হয়। ব্যাংকার অ্যাসোসিয়েশনের ২৬টি ব্যাংক বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি পরিবারকে মাসে ৪০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেয়। গতকাল ২০১১ সালের চেক হস্তান্তর করা হয়। এর আগে ২০০৯ ও ২০১০ সালের আর্থিক অনুদান দেওয়া হয়েছে।চেক হস্তান্তরকালে প্রধানমন্ত্রী অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর দু-চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। চেক গ্রহণকারী শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এ সময় কান্নায় ভেঙে পড়েন।