ই-দরপত্র চালু করার ঘোষণা মেয়রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেন্ডারবাজি বন্ধে ই-দরপত্র (ইলেকট্রনিক টেন্ডার) প্রক্রিয়া চালুর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেসিয়ামে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
‘চট্টগ্রাম সিটি করপোরেশনের সাধারণ ঠিকাদারবৃন্দ’-এর ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা কমিটির আহ্বায়ক এস এম শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম।
মেয়র আ জ ম নাছির বলেন, সিটি করপোরেশনে এখন থেকে কোনো টেন্ডারবাজি চলবে না। টেন্ডারবাজির কোনো সুযোগও নেই। করপোরেশনে ই-দরপত্র চালু করা হবে। করপোরেশনের উন্নয়নমূলক কাজে কেউ প্রভাব বিস্তার করতে পারবেন না। তিনি বলেন, করপোরেশনের ঠিকাদারদের কাজের বিল উত্তোলনে কাউকে টাকা দিতে হবে না। তাঁদের টেবিলে টেবিলে ঘুরতে হবে না। তবে কাজের গুণগত মান এক শ ভাগ নিশ্চিত করতে হবে ঠিকাদারদের। এতে কোনো গাফিলতি হলে করপোরেশনের প্রকৌশল বিভাগ ও ঠিকাদারেরা দায়ী থাকবেন।
সভায় ঠিকাদারদের পাওনা পরিশোধ ও বিভিন্ন সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মেয়রের প্রতি অনুরোধ জানান এস এম শফিউল আজম।