ই-পার্লামেন্ট করতে চীনের সহযোগিতা চাইলেন স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় সংসদকে ই-পার্লামেন্টে পরিণত করতে চীনের সহযোগিতা চেয়েছেন স্পিকার আবদুল হামিদ। গতকাল মঙ্গলবার চীনের রাষ্ট্রদূত ঝেং ঝিয়ানি সংসদ ভবনে স্পিকারের সঙ্গে দেখা করতে এলে তিনি এ সহযোগিতা চান।রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, বাংলাদেশ ও চীনের সংসদ ও সাংসদদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে শিগগিরই ‘বাংলাদেশ-চীন পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন করা হবে। বৈঠককালে সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব প্রণব চক্রবর্তীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিবর্তন সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।এ সময় রাষ্ট্রদূত ১২-২৭ নভেম্বর চীনের গুয়াংজোতে অনুষ্ঠেয় এশিয়ান গেমস ও এশিয়ান প্যারা গেমসের উদ্বোধনী বা সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে স্পিকারকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রদূত ঝেং ঝিয়ানি স্পিকারকে জানান, সর্বাধুনিক চিকিৎসার সুযোগ-সুবিধা সংবলিত চীনা নৌবাহিনীর জাহাজ পিস ভেসেল ৯ নভেম্বর চট্টগ্রামে পৌঁছাবে। ১৫ নভেম্বর পর্যন্ত জাহাজটি সেখানে অবস্থান করবে। এ সময় পিস ভেসেলের বিশেষজ্ঞ চিকিৎসকেরা দর্শনার্থীদের চিকিৎসাসেবা দেবেন।