ই-বর্জ্য ব্যবস্থাপনায় নীতিমালা করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাতিল হওয়া টিভি, ফ্রিজ, কম্পিউটার, মুঠোফোন, বিদ্যুৎসাশ্রয়ী বাতিসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম স্বাস্থ্য ও পরিবেশের নতুন ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে; যা ইলেকট্রনিকস বর্জ্য বা ই-বর্জ্য নামে পরিচিত। ই-বর্জ্য ব্যবস্থাপনার জন্য জরুরি ভিত্তিতে নীতিমালা করার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা।

আজ বুধবার পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) মিলনায়তনে ‘ইলেকট্রনিকস বর্জ্যের ব্যাপকতা ও অব্যবস্থাপনা, হুমকির মুখে পরিবেশ ও জনস্বাস্থ্য’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তাঁরা এ দাবি জানান।

বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবার সদস্য রাজীব কুমার দত্ত। তাতে বলা হয়, পরিত্যক্ত টেলিভিশন, কম্পিউটার ও এর যন্ত্রাংশ, ল্যাপটপ, ব্যাটারি, চার্জার, মোবাইল ফোন, বিদ্যুৎসাশ্রয়ী বাতিসহ সব ধরনের ইলেকট্রনিক পণ্য এবং পণ্যের যন্ত্রাংশ ইত্যাদি ই-বর্জ্যের অন্তর্ভুক্ত।

প্রবন্ধে বলা হয়, তিন বছর আগে করা একটি বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে, দেশে দৈনিক গড়ে ৫০০ টনের বেশি ই-বর্জ্য তৈরি হতো। বর্তমানে তা আরও বেড়েছে। এসব বর্জ্য ধ্বংস, রক্ষণাবেক্ষণ বা ব্যবস্থাপনার জন্য দেশে কোনো পরিকাঠামো নেই। নেই আইন কিংবা সচেতনতাও।

সভাপতির বক্তব্যে পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, দেশে ১০ কোটির বেশি মোবাইল ব্যবহারকারী। প্রতিবছর এসব মোবাইলের ১০-১২ কোটি ব্যাটারি ব্যবহার অনুপযোগী হয়। এসব ব্যাটারি যত্রতত্র ফেলা হচ্ছে। ব্যাটারির ক্ষতিকর উপাদান পরিবেশের সঙ্গে মিশে মানবস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) চেয়ারম্যান শাহারিয়ার হোসেন বলেন, ইলেকট্রনিকস বর্জ্য সংগ্রহ ও রি-সাইকেলের সঙ্গে অনেক নারী ও শিশু জড়িত। এরা যথেষ্ট স্বাস্থ্যঝুঁকিতে আছে। জাহাজভাঙা শিল্পের মাধ্যমে যে বিশাল পরিমাণ ইলেকট্রনিক বর্জ্য প্রতিনিয়ত পরিবেশে মিশে যাচ্ছে। এর ক্ষতি বিবেচনা করে সঠিক নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।

বৈঠকে যেসব দাবি জানানো হয়, তার মধ্যে ই-বর্জ্যের পরিবেশ ও স্বাস্থ্যগত ঝুঁকির ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা, ই-বর্জ্যের জন্য পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে দ্রুত আইন প্রণয়ন ও বাস্তবায়ন, দেশের সব সিটি করপোরেশন ও শহরগুলোতে ই-বর্জ্যের নির্দিষ্ট সংগ্রহ ও ডাম্পিং স্টেশন নির্মাণ, ব্যবহৃত বা পুরোনো ইলেকট্রনিকস পণ্য সরকারি বা বেসরকারি উদ্যোগে নির্ধারিত স্থানে জমা দেওয়ার জন্য ব্যবহারকারীদের উৎসাহিত করা অন্যতম।