ই-ভোটিংয়ের জন্য প্রশিক্ষণ সম্পন্ন আজ-কাল মহড়া
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে একটি ওয়ার্ডে (২১ নম্বর জামালখান) ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গ্রহণের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ও আগামীকাল এই ওয়ার্ডের সব ভোটকেন্দ্রে ভোটদানের মহড়া হবে। দেশে প্রথমবারের মতো আগামী ১৭ জুন এই ওয়ার্ডেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ করা হবে।গতকাল সকাল ১০টা থেকে নগরের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুয়েট থেকে আসা বিশেষজ্ঞ ব্যক্তিরা ওই ওয়ার্ডে দায়িত্বে থাকা ২৮৫ জন প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাকে ই-ভোটিংয়ের জন্য প্রশিক্ষণ দেন। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার জানান, ‘বিকেল পাঁচটা পর্যন্ত বুয়েটের ১৪ জন বিশেষজ্ঞ বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেন। তিনি বলেন, শুক্র ও শনিবার একই স্থানে সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটারেরা মহড়া ভোট দেওয়ায় অংশ নেবেন। ই-ভোটিংয়ের যাবতীয় প্রস্তুতি আমরা সম্পন্ন করে এনেছি।’