ই-মেইলে হুমকিদাতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াত নেতাদের মুক্তি দাবি করে ই-মেইলে হুমকিদাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম মারুফ রায়হান (৩০)। তাঁকে গত সোমবার নীলফামারীর সৈয়দপুর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।মারুফকে গতকাল মঙ্গলবার ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির করা হয়। এ সময় তিনি বলেন, রাবেয়া ফিস লিমিটেডের মালিক মনিরের সঙ্গে তাঁর ব্যক্তিগত শত্রুতা ছিল। তাই মনিরকে ফাঁসাতে তাঁর প্রতিষ্ঠানের নামে ই-মেইল ঠিকানা খুলেন এবং সেই ঠিকানা থেকে হুমকি দিয়ে ই-মেইল পাঠিয়েছেন মারুফ।গত ২৫ আগস্ট তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো ওই ই-মেইলে লেখা ছিল, ‘আমাদের (জামায়াতের) জাতীয় চার নেতাকে এই ঈদের মধ্যে মুক্তি না দিলে ঈদের ছুটিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন উড়িয়ে দেওয়া হবে। আপনাদের ওপর ও পুলিশের ওপর হামলা চালানো হবে।’ এ ঘটনায় ৩১ আগস্ট রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।পুলিশ কমিশনার বলেন, ই-মেইলটি পাওয়ার পর পুলিশ নিবিড় তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে ডিবির সহকারী পুলিশ কমিশনার গোলাম আজাদ খানের নেতৃত্বে একটি দল সৈয়দপুর থানার নতুন বাবুপাড়া সাদ্দাম মোড় এলাকায় অভিযান চালিয়ে মারুফ রায়হানকে গ্রেপ্তার করে। পুলিশ কমিশনার বলেছেন, মারুফের ই-মেইল ঠিকানা (আইডি) পরীক্ষা করে আরও কয়েকটি ই-মেইল পাঠানোর প্রমাণ পাওয়া গেছে। মারুফ নিজের বাসার দোতলায় ‘অকটেক কম্পিউটার’ নামের একটি কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র চালান। তিনি পুর কৌশলে ডিপ্লোমা পাস করেছেন।