ই-মেইলে হুমকিদাতা মারুফ তিন দিনের রিমান্ডে
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াত নেতাদের মুক্তি দাবি করে ই-মেইলে হুমকিদাতা মারুফ রহমানকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম ইসমাইল হোসেন এ আদেশ দেন। গত মঙ্গলবার মহানগর গোয়েন্দা পুলিশ মারুফকে গ্রেপ্তার করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ কামরুল হাসান আদালতকে বলেন, আসামি মারুফ রায়হান জামায়াত নেতাদের মুক্তি দাবি করে তথ্য মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে ই-মেইলে হুমকি দেন। আসামি ও তার সহযোগী আসামিরা দেশের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা অবনতি ঘটনানোর চেষ্টা করছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও সহযোগী আসামিদের বিষয়ে তথ্য উদ্ধারের জন্য রিমান্ড নেওয়া প্রয়োজন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) উপপরিদর্শক রতন শেখ জানান, ই-মেইলে হুমকি দেওয়ার অভিযোগে আসামি মারুফের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অভিযোগে আনা হয়েছে।