ই-স্টেটমেন্টের পক্ষে ব্র্যাক ব্যাংকের প্রচারাভিযান
ব্র্যাক ব্যাংক গ্রাহকদের ই-স্টেটমেন্ট গ্রহণে উৎসাহিত করার জন্য গত মঙ্গলবার থেকে ‘গো গ্রিন উইথ ই-স্টেটমেন্ট ক্যাম্পেইন’ নামের প্রচারাভিযান উদ্বোধন করেছে।ব্র্যাক গ্রুপের সিএফও এবং ব্র্যাক ব্যাংকের পরিচালক এস এন কৈরি এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এস এন কৈরি বলেন, ‘গ্রাহকদের ই-স্টেটমেন্ট গ্রহণে উদ্বুদ্ধকরণে সচেতনতা সৃষ্টি করা হবে এই ক্যাম্পেইনের প্রধান কাজ।’ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের মতো ব্যাংক প্রতিবছর গ্রাহকদের যে পরিমাণ কাগজে ছাপানো স্টেটমেন্ট পাঠায়, তার জন্য দশ হাজারেরও বেশি গাছ কাটতে হয়। আমরা গ্রাহকদের সহায়তা নিয়ে এসব গাছ বাঁচাতে চাই।’ যে সব গ্রাহক ই-স্টেটমেন্ট গ্রহণ করবেন, তাঁরা ব্র্যাক কাননে চারা, সোলার হোম সিস্টেম, সিল্ক এবং হাতে তৈরি রিসাইকেল পেপার কিনতে ১০ শতাংশ ছাড় পাবেন। পরিবেশবিষয়ক ‘গ্রিন আইডিয়া’ প্রদানের মাধ্যমে ব্যাংকের গ্রাহকেরা স্মার্টফোন জিতে নিতে পারবেন। বিজ্ঞপ্তি।