ইঁদুর তাড়াতে নতুন পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বিভাগের আটটি জেলায় ধানখেতে এবার ব্যাপকভাবে ইঁদুরের আক্রমণ দেখা দিয়েছে। ইঁদুরের কবল থেকে রক্ষা পেতে নতুন পদ্ধতি প্রয়োগ করে কৃষকেরা সুফল পাচ্ছেন বলে জানা গেছে।বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল হক জানান, বৃষ্টিপাত কম হওয়ায় এবার ইঁদুরের উপদ্রব বেড়েছে। কলাগাছ, লাঠি কিংবা বাঁশের কঞ্চিতে পলিথিন বেঁধে দিলে ও রাতে খেতে টায়ার পোড়ালে ইঁদুর ভয়ে খেত ছেড়ে চলে যাবে। সরেজমিনে দেখা গেছে, কৃষকেরা এসব পদ্ধতি প্রয়োগ করে আমনের খেত থেকে ইঁদুর তাড়ানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। আমরুলবাড়ী গ্রামের কৃষক মোহসেন আলী (৫০) বলেন, ‘ধান ভালোয় হইছে। কিন্তুক এন্দুর (ইঁদুর) ধানের আগাল কাটি নিয়া যাওচে। সেই জন্যে ধানবাড়িত পলিথিন বান্দি দিছি। কলার গাছও গাড়ি দিছি। বাতাস উঠলে পলিথিন আর কলার পাত ফটফট শব্দ করে। তখন ভয়োতে এন্দুর পালে যায়। এ্যাতে এক পাইশাও খরচ নাই। এইগ্লা করি খুব উপকার পাওচি।’কালীরডাঙ্গা গ্রামের হরিপদ সরকার (৪৮) বলেন, ‘ভূঁইয়োত কইঞ্চা আর কলার গাছ গাড়ি দেলে খালি ইন্দুরে পালায় না, তাত পকি (পাখি) বসি ভূইয়ের পোকাও খায়া ফেলায়। পোকা ও ইন্দুর মারতে বিষ দিবার নাগে না। পাইশাও বাঁচে।’কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর জোনের উপপরিচালক গোলাম সোবহানী বলেন, ‘ফসল ভালো হলে খেতে ইঁদুরের উপদ্রব বেড়ে যায়। ফলে ইঁদুরের হাত থেকে ফসল রক্ষায় কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। তবে এবারে ইঁদুরের উপদ্রব কম আছে।’