ইঁদুর মারার ফাঁদে চাচা-ভাতিজার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ইঁদুর মারার জন্য জমিতে তার দিয়ে ঘিরে বিদ্যুৎ-সংযোগ দেন এক কৃষক। পাশের ধানখেতে মাছ ধরার সময় সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বলদিয়া গ্রামের মো. রেজাউল (৩৫) ও তাঁর ভাতিজা ফরিদ মিয়া (১২)। ফরিদ রেজাউলের চাচাতো ভাই নান্না মিয়ার ছেলে।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বলদিয়া গ্রামে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে এক কৃষক তাঁর ধানখেতের চারপাশে জিআই তারের বেষ্টনী দিয়ে বিদ্যুতের সংযোগ দেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রেজাউল ও ফরিদ পাশের খেতে মাছ ধরার সময় ওই বেষ্টনীর তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় চিৎকার শুনে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। আজ শুক্রবার সকালে নেছারাবাদ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুজনকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।

আজ বিকেলে নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, দুজনের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।