ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ইঁদুরের হাত থেকে বীজতলা রক্ষার জন্য নিজের তৈরি বৈদ্যুতিক ফাঁদে পড়ে গতকাল মঙ্গলবার এক কৃষকের মৃত্যু হয়েছে। এর আগে সোমবার রাতে শরীয়তপুর সদর উপজেলায় অন্যের পাতা ফাঁদে আরেক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
দুর্গাপুরে মারা যাওয়া কৃষকের নাম জয়নাল হোসেন (৫০)। তাঁর বাড়ি বাদইল গ্রামে। শরীয়তপুরে মারা যাওয়া কৃষকের নাম আবদুস সাত্তার ছৈয়াল (৫০)। তাঁর বাড়ি ধামশি গ্রামে।
দুর্গাপুর থানার ওসি রুহুল আলম বলেন, ইঁদুরের হাত থেকে ধানের বীজতলা রক্ষা করতে সোমবার রাতে জয়নাল হোসেন জমিতে ফাঁদ পাতেন। গতকাল সকালে তিনি জমিতে গিয়ে দেখেন ফাঁদে ইঁদুর পড়েছে। তিনি বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন না করেই ইঁদুর সরাতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শরীয়তপুরে স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ধামশি গ্রামের কৃষক লিটন খান ইঁদুরের হাত থেকে ধানের বীজতলা রক্ষার জন্য সঞ্চালন লাইন থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে জমির চারদিকে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করেন। একই গ্রামের আবদুস সাত্তার ছৈয়াল সোমবার রাতে তাঁর জমিতে কাজ শেষ করে ফেরার পথে লিটনের জমিতে পাতা ফাঁদে জড়িয়ে মারা যান। রাত সাড়ে ১২টার দিকে লিটনের জমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর লিটন আত্মগোপনে চলে গেছেন।