ইঁদুর মেরে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর ইঁদুর মারেন। প্রায় প্রতিবছরই পুরস্কার পান। ইঁদুর ধরতে তাঁর মতো পারদর্শী লোক ময়মনসিংহ অঞ্চলে খুব কমই আছেন। এই ব্যক্তি হলেন ফজলুল হক (৫৫)। পেশায় কৃষক। বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে।
আলাপকালে ফজলুল হক এই প্রতিবেদককে জানান, কৃষিকাজ করতে গিয়ে তিনি বুঝতে পারেন, ইঁদুর হচ্ছে ফসল ও কৃষকের শত্রু। এর পর থেকেই তিনি ইঁদুর ধরার কৌশল শেখেন এবং ইঁদুর মারা শুরু করেন। ১৯৮৫ সালে কৃষি বিভাগ ইঁদুর মারার জন্য পুরস্কার ঘোষণা করার পর দ্বিগুণ উৎসাহে তিনি এ কাজে নেমে পড়েন। সেই শুরু। ফজলুল হকের যত পুরস্কার: ২০০৬ সালে সাত হাজার ৭৫০টি ইঁদুরের লেজ জমা দিয়ে ফজলুল হক ময়মনসিংহ অঞ্চলে (ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর) প্রথম পুরস্কার পান। তাঁকে দেওয়া হয় কীটনাশক ছিটানোর যন্ত্র ও সনদ। ২০০৭ সালে তিনি ১৩ হাজার ৫০০ ইঁদুরের লেজ জমা দিয়ে ময়মনসিংহ জেলার প্রথম পুরস্কার পান। এবারও পুরস্কার পান কীটনাশক ছিটানোর একটি যন্ত্র ও সনদ। ২০০৮ সালে ৩৭ হাজার ৪০৫টি ইঁদুরের লেজ জমা দিয়ে জাতীয় পর্যায়ে দ্বিতীয় পুরস্কার হিসেবে রঙিন টেলিভিশনসহ সনদ পান। ২০১১ সালে ২৫ হাজার ৫২০টি ইঁদুর মারার জন্য ময়মনসিংহ অঞ্চলে প্রথম হন এবং কীটনাশক ছিটানোর একটি যন্ত্র ও সনদ পান। ২০১২ সালে ২৫ হাজার ৬১৫টি ইঁদুর মেরে তিনি ময়মনসিংহ অঞ্চলে প্রথম হয়ে নগদ অর্থ ও ক্রেস্ট পুরস্কার পান।