ইঁদুর যখন আশীর্বাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঁদুরের কারণে প্রতিবছর ফসল ও সম্পদের বিপুল ক্ষয়ক্ষতি হয়। সরকারের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর ইঁদুর যে পরিমাণ ক্ষতি করে, তা ২৫টি গরিব দেশের মোট জিডিপির সমান।

মানুষের শত্রু এই ইঁদুরই যে হতদরিদ্র মানুষের অন্নের জোগান দিয়ে থাকে, তা দেখা গেল আজ শুক্রবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কয়েকটি খেত ঘুরে। সম্প্রতি এখানে আমন ধান কাটা শুরু হয়েছে।

উপজেলার জোত সাতনালা গ্রামের একটি খেত থেকে ধান কেটে নেওয়ার পর সেখানে পড়ে রয়েছে ধানগাছের নাড়া। সেখানে জীর্ণশীর্ণ শরীরের ছোট ছেলেমেয়েদের সঙ্গে ডালি, চালুন, বাঁশিলা, ঝাঁটা ও ব্যাগ হাতে নিয়ে নাড়ার গোড়ায় ঝরে পড়া ধান তুলছিলেন কয়েকজন গৃহবধূ। তবে সবারই বিশেষ দৃষ্টি ইঁদুরের গর্তের দিকে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেল, ইঁদুরের গর্তে মাঝেমধ্যে অনেক ধান পাওয়া যায়। কোনো কোনো গর্তে এক মণেরও বেশি ধান মিলে যেতে পারে। তাই কৃষকের পরিত্যক্ত খেতে ইঁদুরের গর্তের দিকে ‘ধানকুড়ানিদের’ বিশেষ মনোযোগ। জমি থেকে ধানের শিষ কেটে নিয়ে গর্তে সংরক্ষণ করা ইঁদুরের এই আপত্কালীন খাদ্যই তাঁদের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়ে থাকে। সচ্ছল কৃষকের ধানের একটি অংশ পেয়ে যায় হতদরিদ্র মানুষ।

তালপুকুর গ্রামের একটি খেতে ইঁদুরের গর্ত থেকে ধান বের করে ডালিতে ভরছিলেন হোপনা মাঝি (৫০) নামের এক ব্যক্তি। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের জমিন নাই। ধান-চাল কিনি খাওয়ার উপায় নাই। ইন্দুররা হামার তনে ধান নিয়া রাখি দিছে। সেই ধান গোলা থাকি খুঁড়ি বাহির করছি।’

উপজেলার সাতনালা গ্রামের আরিফা ও তাঁর স্বামী আনোয়ার বলেন, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁদের পরিবার। পুরো বছরে চাল কিনে ভাত খান তাঁরা। আরিফা বলেন, ‘আমরা গরিব মানুষ। প্রতিদিন দুজনে মিলে ১০-১৫ সের ধান পাই। মৌসুমে ৮ থাকি ১০ মণ পর্যন্ত হয়। পিঠা খাবার শখ হলি এই ধান থাকি খাই।’