এক বছরেই প্রায় ৫০০ কোটি টাকার ধান ও গম ইঁদুরের কারণে নষ্ট হয়েছে। গতকাল বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সাধনা হালদারের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ তথ্য জানান।কৃষিমন্ত্রী বলেন, ২০০৯-১০ অর্থবছরে ৪৮১ কোটি ৫০ লাখ টাকার ধান ও গম ইঁদুরের কারণে নষ্ট হয়েছে। এর মধ্যে ৪৩৭ কোটি ৫০ লাখ টাকার ধান ও ৪৪ কোটি টাকার গম।ইসরাফিল আলমের অপর এক প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী জানান, চলতি বোরো মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৮৬ লাখ টন। আশা করা হচ্ছে, লক্ষ্যমাত্রা অর্জিত হবে। ইতিমধ্যেই প্রায় ৮০ শতাংশ ফসল কাটা হয়েছে।জুনাইদ আহমেদ পলকের প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, লবণাক্ততা ও খরা-সহনশীল ধানের জাত উদ্ভাবনের জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।বিমানের লোকসান: জাতীয় পার্টির এইচ এম গোলাম রেজার প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে বিমানের মোট ৭৩০ কোটি ২২ লাখ টাকা লোকসান হয়। এর মধ্যে ২০০১-০২ অর্থবছরে ৭৩ কোটি ৭৩ লাখ টাকা, ২০০২-০৩ অর্থবছরে ৪৪ কোটি ২৯ লাখ, ২০০৩-০৪ অর্থবছরে ৩৪ কোটি ১৭ লাখ, ২০০৪-০৫ অর্থবছরে ১৯১ কোটি ৬৬ লাখ এবং ২০০৫-০৬ অর্থবছরে ৪৫৪ কোটি ৭১ লাখ টাকা লোকসান হয়।জি এম কাদের জানান, বর্তমানে বাংলাদেশ বিমানের উড়োজাহাজের সংখ্যা ১১টি। এর মধ্যে চারটি ডিসি ১০-৩০, দুটি এয়ারবাস-এ-৩১০-৩০০ এবং দুটি এফ-২৮। এ ছাড়া লিজ নেওয়া তিনটি উড়োজাহাজের মধ্যে একটি এয়ারবাস-এ-৩১০-৩০০ এবং দুটি বোয়িং ৭৩৭-৮০০ রয়েছে।