ইঁদুরের কাঁধে চড়ে পুলসিরাত পার হওয়া যাবে না: মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আ ন ম এহছানুল হক মিলন, ফাইল ছবি
আ ন ম এহছানুল হক মিলন, ফাইল ছবি

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আওয়ামী লীগের উদ্দেশে বলেছেন, ‘ইঁদুরের কাঁধে চড়ে আর পুলসিরাত পার হওয়া যাবে না। এবারের নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন। বিএনপি আন্দোলন জানে, বিএনপি আওয়ামী লীগকে শিখিয়ে দেবে কীভাবে আন্দোলন করতে হয়।’ আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের আদালতে হাজিরা দিতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপির এই আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আজ চারটি মামলায় হাজিরা দেন। এসব মামলায় তাঁর বিরুদ্ধে ঘড়ি  ও মোবাইল সেট ছিনতাই এবং হত্যার চেষ্টার অভিযোগ করা হয়।

এহছানুল হক মিলন বলেন, ‘এ দেশের জনগণের সম্পদ নষ্ট করে বিএনপি আন্দোলন করে না। যথাসময়ে তত্ত্বাবধায়ক দিতে বাধ্য হবেন এবং পালিয়ে বাড়ি চলে যাবেন।’ তিনি বলেন, ‘২৪ অক্টোবর বর্তমান সরকারের শেষ দিন। এই শেষ দিনের জন্য পাগল হয়ে গেছেন সাবেক লাঠিয়ালমন্ত্রী নাসিম।’

মিলনের বিরুদ্ধে চাঁদপুরের থানায় ও আদালতে ৩১টি মামলা আছে। ২০১০ সালের ১৪ মার্চ গ্রেপ্তার হওয়ার পর প্রায় দেড় বছর কারাবাস করেন তিনি। ২০১১ সালের ৫ জুন তিনি কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান।