ইঁদুরের কারণে পার্বতীপুর শহর ১২ ঘণ্টা বিদ্যুৎহীন
দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের ১১ কেভি ইনকামিং ব্রেকারে ইঁদুর ঢুকে পড়লে শর্টসার্কিট হয়। এতে ইনকামিং ব্রেকারটি বিস্ফোরিত হয়ে পার্বতীপুর শহরে ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পিডিবির পার্বতীপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী কাজী ইউনুছ আলী বলেন, রাত দুইটার দিকে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের ১১ কেভি ইনকামিং ব্রেকারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তখন ব্রেকার রাখার বক্সটি খুলে দেখা যায়, একটি ইদুঁর পুড়ে মরে আছে এবং ব্রেকারে বিদ্যুৎ সরবরাহকারী তিনটি চ্যানেলও পুড়ে গেছে। এতে ট্রান্সফরমারটি পুরো অকেজো হয়ে পার্বতীপুর শহর ও আশপাশের এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। দিনাজপুর থেকে নতুন ট্রান্সফরমার এনে সংযোজনের পর বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক হয়। এতে দীর্ঘ সময় লেগে যায়। ইঁদুর ঢুকে পড়ায় ট্রান্সফরমারটির এই অবস্থা হয় বলে জানান তিনি।
এদিকে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ না থাকায় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তারায়হান আলী বলেন, বিদ্যুৎ না থাকায় রোগীরা দুর্ভোগে পড়েন। রোগনির্ণয়কারী ল্যাবরেটরিগুলো বন্ধ থাকায় কোনো নিরীক্ষাও সম্ভব হয়নি।
এলাকাবাসী জানান, শহরের আবাসিক এলাকার বাসাবাড়িতে বিদ্যুৎচালিত পানির পাম্প চালাতে না পারায় পানির সংকট দেখা দেয়। বিদ্যুতের অভাবে দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি ব্যাংকগুলোয় লেনদেনের কাজ ব্যাহত হয়।
এবার প্রাথমিক সমাপনি পরীক্ষা দিচ্ছে এমন একজন শিশু সানজিদা খাতুনের বাবা ছাদেক আলী বলেন, মেয়েটির পরীক্ষা চলছে। এই অবস্থায় বিদ্যুৎ না থাকায় রাতেও বাচ্চাটির ঘুমাতে সমস্যা হল। দিনেও পানি নিয়ে বাসার লোকজনের ছুটাছুটিতে ওর পড়ালেখা বিঘ্নিত হল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান বলেন, বিদ্যুৎ না থাকায় উপজেলা পরিষদের কার্যালয়গুলোতে কাজকর্ম ব্যাহত হয়। দুপুর দুইটায় ইনকামিং ব্রেকারটি পুনঃস্থাপন করা হলে শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসে।