ইংরেজি অলিম্পিয়াড ছড়িয়ে দেওয়ার আশাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কানিহাটি গ্রাম থেকে ইংরেজি অলিম্পিয়াডের যে শুভযাত্রা শুরু হলো, তা দেশের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে।’ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কানিহাটি গ্রামে হাজীপুর বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার ‘ইংরেজি অলিম্পিয়াড’ অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী।কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৭৫ জন খুদে শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশ নেয়। আবেদ চৌধুরীর মায়ের নামে প্রতিষ্ঠিত স্থানীয় হাফিজা খাতুন ট্রাস্টের আয়োজনে এ অনুষ্ঠানে সহায়তা করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। আয়োজকেরা জানান, এটাই দেশের প্রথম কোনো ইংরেজি অলিম্পিয়াড।সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন হাজীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হাসান। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে ইংরেজি বিষয়ের ওপর প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়। এর মধ্যে ছিল ৪০ মিনিটের লিখিত পরীক্ষা, পঠন (রিডিং কম্পিটিশন) ও উপস্থিত বক্তৃতা।দুপুর সাড়ে ১২টায় দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন আবেদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস ও কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান ইয়াসমীন হক, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ। প্রতিযোগিতায় অংশ নেওয়া ২১ জন শিক্ষার্থীকে সনদ ও বই দিয়ে পুরস্কৃত করা হয়। প্রাথমিক পর্যায়ে হাজীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের আরিফা নূসরাত, নিম্নমাধ্যমিক পর্যায়ে এ এ টি এম উচ্চবিদ্যালয়ের সুদীপ্তা ধর এবং মাধ্যমিক পর্যায়ে একই প্রতিষ্ঠানের সুভাষ দেবনাথ প্রথম স্থান অর্জন করে। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। তাদের একজন হোসাইন আহমদ বলে, ‘ইংরেজি বিষয়কে এখন আর আমি ভয় করি না।’ অনুষ্ঠানে মুনির হাসান বলেন, ‘প্রত্যন্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা প্রতিযোগীরা আশাতীত ভালো করেছে। আগামী দিনে দেশের অন্যান্য এলাকায়ও এ ধরনের অনুষ্ঠান করার পরিকল্পনা আছে।’ মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘ইংরেজি শুধু একটি ভাষা নয়, এটিকে আমি একটি প্রযুক্তি মনে করি। খুদে শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি বিষয়ে যেন উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়, সে কারণেই মূলত এই অনুষ্ঠানের আয়োজন।’পরে বিকেল পাঁচটায় বিডিওএসএনের উদ্যোগে কমলগঞ্জের শমশেরনগর জনমিলন কেন্দ্রে ইংরেজি বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।