ইংরেজি ও মিশ্র ভাষার বিজ্ঞাপন ফলক সরানো হচ্ছে: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশে সাইন বোর্ড, বিল বোর্ড, ব্যানার, গাড়ির নম্বর প্লেট, সব সরকারি দপ্তরের নামফলক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিজ্ঞাপনে ইংরেজি ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ সোমবার সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

মোয়াজ্জেম হোসেনের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব জেলা প্রশাসক, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভাকে নির্দেশনা দেওয়া হয়েছে। সিটি করপোরেশন এই আদেশ বাস্তবায়নে ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে এবং নিয়মিত সরেজমিনে পরিদর্শন ও তদারকি করছে।
সৈয়দ আশরাফ জানান, ঢাকা দক্ষিণ সিটিতে আদালতের নির্দেশনার পরিপন্থী বিজ্ঞাপন তিন দিনের মধ্যে সরিয়ে নিতে এবং ভবিষ্যতে এমন বিজ্ঞাপন ব্যবহার না করার অনুরোধ জানিয়ে ৯ জুন একটি ইংরেজি ও একটি বাংলা জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ইংরেজি ও মিশ্র ভাষার বিজ্ঞাপন সরিয়ে না নিলে করপোরেশন এসব সাইন বোর্ড, বিল বোর্ড ও ব্যানারসহ অন্যান্য উপকরণ উচ্ছেদ করবে। এ ছাড়াও সব বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে সাইন বোর্ড, বিল বোর্ড, ব্যানার ইত্যাদি তিন দিনের মধ্যে সরিয়ে নিতে এবং ভবিষ্যতে এ ধরনের বিজ্ঞাপন না লাগানোর জন্য পৃথক চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে। যে প্রতিষ্ঠান নির্দেশ মানবে না, শিগগির তাদের তালিকা করে বিজ্ঞাপন ফলক উচ্ছেদ কাজ শুরু করা হবে।