আদালতের নির্দেশে সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বর প্লেট, সব সরকারি দপ্তরের নামফলক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিজ্ঞাপনে ইংরেজি ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়া হয়েছে। গতকাল সোমবার সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
মোয়াজ্জেম হোসেনের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর স্থানীয় সরকার বিভাগকে জানানোর জন্য সব জেলা প্রশাসক, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভাকে নির্দেশনা দেওয়া হয়েছে। সিটি করপোরেশন এই আদেশ বাস্তবায়নে ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে এবং নিয়মিত সরেজমিনে পরিদর্শন ও তদারকি করছে।
সৈয়দ আশরাফ জানান, ঢাকা দক্ষিণ সিটিতে আদালতের নির্দেশনার পরিপন্থী বিজ্ঞাপন তিন দিনের মধ্যে সরিয়ে নিতে এবং ভবিষ্যতে এমন বিজ্ঞাপন ব্যবহার না করার অনুরোধ জানিয়ে ৯ জুন একটি ইংরেজি ও একটি বাংলা জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ইংরেজি ও মিশ্র ভাষার বিজ্ঞাপন সরিয়ে না নিলে করপোরেশন এসব সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানারসহ অন্যান্য উপকরণ উচ্ছেদ করবে।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, জনদুর্ভোগ কমাতে অনলাইনে আবেদনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। জরুরিভিত্তিতে জাতীয় পরিচয়পত্র সংশোধন ও হারানো পরিচয়পত্র আবার তোলার জন্য ইসির নিবন্ধন বিভাগে ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হচ্ছে। সেখানে ১০টি বুথে দৈনিক গড়ে দেড় হাজার মানুষকে এ সেবা দেওয়া হচ্ছে।
প্রশ্নোত্তরের আগে বিকেল সোয়া চারটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।