
প্রবাসী শ্রমিকেদের একটি বড় অংশই অদক্ষ। ইংরেজিতেও ঠিকমতো বলতে পারেন না। সে কারণে তাঁরা অন্য অনেক দেশের শ্রমিকদের চেয়ে বেতনও কম পান। এই শ্রমিকদের দক্ষ করে পাঠাতে পারলে তাঁদের পরিবার যেমন লাভবান হবে, তেমনি দেশে প্রবাসী-আয়ের (রেমিট্যান্স) পরিমাণও কয়েক গুণ বেড়ে যাবে।
রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল বুধবার অভিবাসী শ্রমিকদের আর্থিক অন্তর্ভুক্তিকরণ ও সামাজিক সুরক্ষা নিয়ে আয়োজিত এক সংলাপে এমন মতই দিয়েছেন বক্তারা। তাঁরা যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়িয়েই শ্রমিকদের বিদেশে পাঠানোর তাগিদও দিয়েছেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এই সংলাপের আয়োজন করে।
সিপিডির ট্রাস্টি বোর্ডের ট্রেজারার ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, ‘মধ্যপ্রাচ্যে ফিলিপাইনের লোকেরা বাংলাদেশিদের চেয়ে চার গুণ বেশি বেতন পান। কারণ তাঁরা অনর্গল ইংরেজি বলতে পারেন। সে জন্য তাঁরা মধ্যম সারির পদে কাজ পান। আর বাংলাদেশিরা শ্রমিকের কাজ করেন। আমরা যদি আধা দক্ষ (সেমি স্কিলড) জনশক্তিও বিদেশে পাঠাই, তাহলেও আমাদের রেমিট্যান্স কয়েক গুণ বেড়ে যাবে।’
একই সুরে প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমাদের শ্রমিকদের দক্ষতা নিয়ে সমস্যা নেই। তাদের সমস্যা হলো ভাষা। একই কাজ আমাদের লোকেরাও করে, শ্রীলঙ্কার লোকেরাও করে। কিন্তু শ্রীলঙ্কার লোকটা আমাদের লোকের চেয়ে ৬০-৭০ শতাংশ বেশি বেতন পায়। কারণ সে ইংরেজিতে ভালো কথা বলতে পারে।’ তিনি আশা করেন, ২০২০ সালে দেশে আড়াই হাজার কোটি ডলারের প্রবাসী-আয় আসবে।
অনুষ্ঠানে সিপিডি জানায়, বিশ্বের ১৫৭টি দেশে এ পর্যন্ত ৯৫ লাখ বাংলাদেশি গেছেন। বর্তমানে আছেন ৫০ লাখ। ২০১৪-১৫ অর্থবছরে দেশে প্রবাসী-আয় এসেছে ১ হাজার ৫৩০ কোটি ডলার। ২০০০ সালেও এই আয়ের পরিমাণ ছিল মাত্র ১৯০ কোটি ডলার।
প্রবাসীদের অদক্ষতার বিষয়টি স্বীকার করে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. আবদুল মান্নান বলেন, ‘আমাদের প্রবাসী শ্রমিকেরা কম আয় করেন। কারণ তাঁরা ততটা দক্ষ নন। সে কারণে আমরা তাঁদের প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছি। ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে।’ প্রবাসীকল্যাণ ব্যাংক নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘ব্যাংকটি কেন দায়সারাভাবে (হাফ হার্টেড) চালু করা হয়েছিল? কেন এটাকে অন্যান্য তফসিলি ব্যাংকের মতো করে করা হয়নি?’
প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে এখন প্রশিক্ষণকেন্দ্র করা হচ্ছে। সরকারের লক্ষ্য হলো বিদেশে যেতে আগ্রহী ব্যক্তিরা সেখানে গিয়ে প্রশিক্ষণ নেবেন। এর মধ্য দিয়ে দক্ষ জনশক্তি রপ্তানি করা সম্ভব হবে।
সংলাপে সিপিডির করা একটি জরিপের ফলাফল তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। জানান, জরিপে অংশ নেওয়া ৮৭ শতাংশ শ্রমিকই দেশ থেকে যাওয়ার সময় কোনো প্রশিক্ষণ পাননি। প্রশিক্ষণ পেয়ে যাঁরা বিদেশ গেছেন, তাঁরা দেশে টাকাও পাঠান বেশি। অদক্ষ শ্রমিক যেখানে বছরে ১ লাখ ৫৬ হাজার টাকা পাঠান, সেখানে প্রশিক্ষিত শ্রমিকেরা পাঠান ২ লাখ ১৩ হাজার টাকা। এসএসসি কিংবা তার নিচে পর্যন্ত লেখাপড়া করেছেন ৮৬ শতাংশ প্রবাসী শ্রমিক। মাত্র ১৯ শতাংশ প্রবাসী শ্রমিকের দেশে একটি ব্যাংক হিসাব আছে। কিন্তু ৬০ শতাংশ প্রবাসীই ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠান। অন্য মাধ্যমের চেয়ে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতেই বেশি খরচ (চার্জ) গুনতে হয় প্রবাসীদের।
মোস্তাফিজুর রহমান বলেন, অভিবাসী শ্রমিকদের সামাজিক সুরক্ষার জন্য দেশে কোনো সমন্বিত নীতি নেই। এমনকি যেসব দেশে যাচ্ছেন, সেসব দেশের সঙ্গেও শ্রমিকদের নিরাপত্তা বিষয়ে কোনো চুক্তি হয়নি। অথচ তাঁদের পাঠানো রেমিট্যান্সই দেশের অর্থনীতির বড় চালিকাশক্তি।
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন ২০১৪ সালে করা ব্র্যাকের এক গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেন, বিদেশে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়া ব্যক্তিদের গড়ে লোকসান হয় ২৫০ থেকে ৩৯২ ডলার। আর মাত্র ১৭ শতাংশ চাকরির নিশ্চয়তা নিয়ে যান। অন্যরা ঝুঁকি নিয়েই বিদেশে যান।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) অভিবাসীদের বিষয়টি বেশ গুরুত্ব পেয়েছে বলে মন্তব্য করেন আইএলওর এদেশীয় পরিচালক শ্রীনিবাস বি রেড্ডি। তাঁর মতে, রেমিট্যান্স পাঠানোর খরচ আরও কমা উচিত।
সংলাপে প্রবাসীকল্যাণসচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, বিএমইটির মহাপরিচালক শামসুন্নাহার, ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাসের উপপ্রধান বিটে কে ইলসায়েসের, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন কাশেম খান, মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।