ইংরেজি নববর্ষে কক্সবাজারে 'মেগা বিচ কার্নিভ্যাল'
ইংরেজি নববর্ষে বাংলাদেশের পর্যটনশিল্পকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে আয়োজন করা হচ্ছে ‘মেগা বিচ কার্নিভ্যাল’। এ উপলক্ষে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি তিন দিনব্যাপী মেলায় নতুন করে সাজবে কক্সবাজার সমুদ্রসৈকত।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে এক অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন এই বিচ কার্নিভ্যালের ঘোষণা দেন। টিএসসিতে বিচ কার্নিভ্যালের সময় গণনার (কাউন্ট ডাউন) ঘড়ি স্থাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাশেদ খান মেনন বলেন, ২০১৬ সালকে পর্যটনবর্ষ হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। পর্যটনের গন্তব্য হিসেবে কক্সবাজারকে সারা পৃথিবীর সামনে তুলে ধরতে এই আয়োজন। তিনি সবাইকে বিচ কার্নিভ্যালে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন গানের দল জলের গানের শিল্পীরা। কার্নিভ্যালের আয়োজন করছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, ট্যুরিজম বোর্ড ও কক্সবাজার জেলা প্রশাসন।
আয়োজকেরা জানান, ৩১ ডিসেম্বর সকাল ১০টায় কক্সবাজার সৈকতে বিচ কার্নিভ্যালের উদ্বোধন হবে। তিন দিনের এই আয়োজনে থাকবে দেশের সেরা শিল্পীদের গান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক আয়োজন, নৃত্য পরিবেশনা, আতশবাজি, খাবারের প্রদর্শনী, লোকশিল্পের পসরা, দেশের পর্যটন আকর্ষণগুলোর আলাদা আয়োজন, ঘুড়ি উৎসব, বিচ ক্রিকেট টুর্নামেন্ট, সার্ফিং, বালুর ভাস্কর্য, আলোকচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন।