ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় আত্মহত্যা
ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এইচএসসি পরীক্ষার্থী শামিমা আক্তার (১৬)। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক এলাকায় গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী শামিমা আক্তার চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। গত বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা খারাপ দিয়ে শামিমা হতাশ হয়ে পড়ে। সে তার পরিবার ও বান্ধবীকে হতাশার কথা জানায়। ওই দিন রাতে শামিমা না খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায়। গতকাল শুক্রবার সকাল পর্যন্ত দরজা না খোলায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। দরজা ভেঙে ঘরে ঢুকে তারা বৈদ্যুতিক পাখার সঙ্গে শামিমার ঝুলন্ত লাশ দেখতে পায়। পারিবারিক সূত্র জানায়, পরীক্ষা খারাপ হওয়ার জন্য শামিমাকে বকাঝকা করা হয়নি। বরং ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ভালো করার জন্য তাকে উৎসাহিত করা হয়েছে।