সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা গতকাল সোমবার বিভাগীয় শ্রেণীকক্ষ ও অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেন।শিক্ষার্থী সূত্র জানায়, এক শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষায় কম নম্বর দেওয়াসহ আরও কয়েকটি অভিযোগ তুলে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। এসব অভিযোগে গত রোববার থেকে তাঁরা পরীক্ষা বর্জন করে আসছেন। পরীক্ষার্থীদের দাবি, পরবর্তী সেমিস্টারগুলোর সব কোর্স থেকে ওই শিক্ষককে প্রত্যাহার এবং তাঁর কাছে থাকা আরও দুটি কোর্সের পরীক্ষার খাতা ফেরত নিতে হবে।সূত্র জানায়, সকাল সাড়ে আটটার দিকে ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা বিভাগীয় শ্রেণীকক্ষ ও অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেন। ফলে প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ওই সেমিস্টার ছাড়াও অন্যান্য সেমিস্টারের শিক্ষার্থীরাও আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে।উদ্ভূত পরিস্থিতিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আ ক ম মাহবুবুজ্জামানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্যরা বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করলেও শিক্ষার্থীরা তা মেনে নেননি। পরে তদন্ত কমিটির সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান, তাঁরা তিন দিনের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন। তদন্ত কমিটির সদস্য হিমাদ্রি শেখর রায় প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।