ইংরেজি বিভাগে সেশনজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালের ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম চালু হয়। শুরু থেকেই ইংরেজি বিভাগে পাঠদান চলে। নিয়মানুযায়ী, প্রতিবছর দুটি করে সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার কথা। কিন্তু গত চার বছর আট মাসে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ছয়টি সেমিস্টার পরীক্ষা হয়েছে। ফলে প্রথম ব্যাচের শিক্ষার্থীরা ১৮ মাসের সেশনজটে পড়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা গেছে, ২০০৬-০৭ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হন। শুরু থেকেই এ বিভাগে শিক্ষকের সংকট দেখা দেয়। গত পাঁচ বছরে ওই বিভাগে পাঁচজন বিভাগীয় প্রধানের পরিবর্তন হয়েছে। শিক্ষকের সংকট থাকা সত্ত্বেও ইংরেজি বিভাগের শিক্ষকদের নিজ বিভাগের ছয়টি ব্যাচ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ইংরেজি পড়াতে হয়। এ কারণে তাঁদের ক্লাস নিতে হিমশিম খেতে হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৭ আগস্ট সকাল ১০টায় ইংরেজি তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি নির্ধারিত ছিল। ওই সময় শিক্ষকেরা কলা ভবনের পরীক্ষাকক্ষে প্রশ্ন ও খাতা নিয়ে যেতে চাইলে ইংরেজি বিভাগের ছাত্র সৈয়দ শাহরিয়ার মাহমুদের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল শিক্ষার্থী শিক্ষকদের বাধা দেন। তাঁরা শিক্ষকদের কক্ষে ও একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেন। একই সঙ্গে বিভাগীয় প্রধানের কক্ষের সামনের নামফলক তুলে ফেলেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র ও ইংরেজি বিভাগের একাধিক শিক্ষার্থী জানান, ইংরেজি বিভাগের ছাত্র ও ছাত্রলীগের একাংশের সাংগঠনিক সম্পাদক দাবিদার সৈয়দ শাহরিয়ার মাহমুদ ও ছাত্রলীগের কর্মী মাহদী হাসানের নেতৃত্বে একটি চক্র নিজেদের ইচ্ছামতো পরীক্ষা দিতে চায়। যে কারণে তাঁরা গুটিকয়েক শিক্ষার্থী মিলে পরীক্ষা বারবার পেছানোর আন্দোলনসহ স্থগিত করার কাজে জড়িয়ে পড়েন। আন্দোলনকারী শিক্ষার্থী সৈয়দ শাহরিয়ার মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত বিভাগের গ্রন্থাগার, সেমিনারকক্ষ ও ভাষা প্রশিক্ষণকেন্দ্র হয়নি। যে কারণে আমরা আন্দোলন করেছি। মান উন্নয়ন পরীক্ষার আগে ২-৩ দিন বিরতি না থাকায় সবাই মিলে ওই আন্দোলন করেছিলাম। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ঠিক নয়। আমি পরীক্ষা পেছানোর সঙ্গে জড়িত নই।’ইংরেজি বিভাগের প্রভাষক ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান জাহিদুল আলম বলেন, ‘নানা কারণে ইংরেজি বিভাগে সেশনজট দেখা দিয়েছে। বহিঃপরীক্ষক না আসায় ইংরেজি তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের মৌখিক পরীক্ষা হয়নি। জ্যেষ্ঠ শিক্ষক থাকা সত্ত্বেও কেন আমাকে বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হলো তা আমি জানি না।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমির হোসেন খান বলেন, ‘দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট নিরসন করতে সময় লেগে যাচ্ছে। সেশনজট কমানোর জন্য প্রশাসন তৎপর রয়েছে।