ইংরেজি বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণ ও উদ্দেশ্যমূলকভাবে শিক্ষার্থীদের অকৃতকার্য করার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে গত বৃহস্পতিবার উপাচার্য বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।শিক্ষার্থী সূত্র জানায়, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহেদ আহমেদের স্বেচ্ছাচারিতায় হুমকির মুখে পড়েছে ওই বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যৎ। অভিযোগনামায় ওই শিক্ষককে পরীক্ষা-সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছেন ২০০৮-০৯ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীরা। আগামী তিন কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইংরেজি বিভাগের স্নাতকোত্তর চূড়ান্ত সেমিস্টারের মৌখিক পরীক্ষায় উদ্দেশ্যমূলকভাবে শিক্ষার্থীদের অত্যন্ত কম নম্বর দেন শাহেদ আহমেদ। এতে মোট ৫৫ জনের মধ্যে ৩৫ জন শিক্ষার্থীই অকৃতকার্য হন। সংশ্লিষ্ট শিক্ষকের কাছে কয়েকটি কোর্সের খাতা এখনো রয়ে গেছে। ওসব কোর্সেও ফলাফল বিপর্যয়ের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। ইংরেজি বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদেরও তিনি অস্বাভাবিক কম নম্বর দিয়েছিলেন বলে জানান ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী।অভিযোগনামা ও বিশ্ববিদ্যালয় সূত্রের বিবরণ অনুযায়ী, সিলেটের এমসি কলেজ থেকে পাস করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি প্রভাষক হিসেবে যোগ দেন শাহেদ আহমেদ। তাঁর বিরুদ্ধে পরীক্ষার খাতায় শিক্ষার্থীদের কম নম্বর প্রদান, শিক্ষার্থীদের প্রতি অবমাননাপূর্ণ মন্তব্য, ভয়ভীতি প্রদর্শন এবং তাঁর অনুগত না হলে দেখে নেওয়ার হুমকি প্রদানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমসি কলেজের শিক্ষার্থীদের তুলনায় কম যোগ্যতাসম্পন্ন বলেও মন্তব্য করেন। এদিকে চলতি বছরের মার্চ মাসে শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহেদ আহমেদকে পরীক্ষা-সংক্রান্ত সব কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে তিনি এ ধরনের আচরণ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়ে পুনরায় সেই দায়িত্ব ফিরে পান। স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী রিয়াজ মুহাম্মদ খান প্রথম আলোর কাছে অভিযোগ করেন, কলেজ থেকে পাস করেও রাজনৈতিক প্রভাবের জোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পদ পেয়েছেন শাহেদ আহমেদ। কিন্তু কয়েক বছর শিক্ষকতা করার পরও তিনি বিশ্ববিদ্যালয়সুলভ মানসিকতা অর্জন করতে পারেননি। তাঁর শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষার্থীরা সন্তুষ্ট নন। কলেজ থেকে পাস করা ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পদ থেকে অব্যাহতি দেওয়া উচিত। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শাহেদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ওই পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ হয়নি। বিভাগীয় শিক্ষকদের কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ফলাফল ফাঁস করেছেন। আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সঠিক নয়।’ইংরেজি বিভাগের প্রধান মো. আতিউল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। উপাচার্য মো. সালেহ উদ্দিন অভিযোগনামার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।