ইংরেজি বিভাগের ছাত্র মোস্তাসিরুলের রিমান্ড
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার একই বিভাগের ছাত্র মোস্তাসিরুল আলম ওরফে অনিন্দ্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৩ জুলাই মোস্তাসিরুলকে আটক করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছিল। আজ বুধবার শুনানি শেষে রাজশাহী মহানগর হাকিম আদালত-২-এর বিচারক খালেদ হাসেন খান তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মোস্তাসিরুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর বাবার নাম শফিউল আলম, বাড়ি রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায়। তাঁর বাবা রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি।
মামলার তদন্ত কর্মকর্তা ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক বলেন, ৩ জুলাই ভোররাতে অভিযান চালিয়ে কাদিরগঞ্জ এলাকা থেকে মোস্তাসিরুলকে আটক করা হয়। মোস্তাসিরুল বাসায় না থেকে ওই এলাকায় একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। সেখানে টিউশনি করার বা আড্ডা দেওয়া মতো একটা পরিবেশ রয়েছে। শিক্ষক হত্যা মামলায় জড়িত অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৩ এপ্রিল নিজ বাসার অদূরে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী। এ ঘটনায় ওই দিন শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। এ মামলায় এ নিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে একজন আটক অবস্থায় মারা গেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে পুলিশ জানিয়েছে। তাঁর নাম মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহ। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।