ইংরেজি বিভাগের প্রধানকে অপসারণের দাবিতে ফের আন্দোলনে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি বিভাগের প্রধান মো. আতীউল্লাহর অপসারণের দাবিতে শিক্ষার্থীরা আবার আন্দোলনে নেমেছেন। গতকাল রোববার দুপুরে তাঁকে বিভাগীয় প্রধানের পদ থেকে অপসারণের দাবিতে তাঁর কুশপুত্তলিকা দাহ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সূত্র জানায়, গতকাল দুপুর ১২টায় শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়সীমা পার হওয়ার পর আবারও ধর্মঘটের ডাক দেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে দুপুর সাড়ে ১২টার দিকে বিভাগ থেকে শিক্ষার্থীরা মৌন মিছিল নিয়ে গোলচত্বরে গিয়ে সমাবেশে মিলিত হন। সমাবেশে বক্তব্য দেন রিয়াজ মোহামঞ্চদ খান, মাহবুব নয়ন, মুশফিকুর রহমান, রুহুল আমিন, গোলাম রাব্বি চৌধুরী, আলী হাসান প্রমুখ। বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মো. আতীউল্লাহর কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা। পরে তাঁরা বিভাগীয় প্রধানের কক্ষের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন। এদিকে, ইংরেজি বিভাগের প্রধান মো. আতীউল্লাহ বিভাগীয় এক শিক্ষককে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সিকান্দার আলীকে মুঠোফোনে এ হুমকি দিয়েছেন আতীউল্লাহ। বিষয়টি ওই শিক্ষক বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছেন বলে জানা গেছে। মুঠোফোনে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তাঁদের যেন কোনো ক্ষতি না হয়, সে ব্যাপারে ব্যবস্থা নিতে শিক্ষক সমিতির সভাপতিকে দায়িত্ব দিয়েছি।’ প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর ইংরেজি বিভাগের প্রধান মো. আতীউল্লাহর বিরুদ্ধে ক্লাস-পরীক্ষা পেছানো, ফলাফল প্রকাশে বিলম্ব ও ‘ইংলিশ কাউন্সিল’-এর অর্থ আত্মসাৎসহ ১৬টি অভিযোগ এনে তাঁকে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। ৩ সেপ্টেম্বর বিভাগীয় প্রধানের কক্ষ ও সব শ্রেণীকক্ষে তালা দেন শিক্ষার্থীরা। পরে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের বৈঠক শেষে ৬ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করলেও ওই দিন থেকে আবার ধর্মঘট শুরু করেন শিক্ষার্থীরা। পরে দ্বিতীয় দফায় ১১ সেপ্টেম্বর থেকে গতকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়। ২০০৯ সালে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে মো. আতীউল্লাহকে এক বছরের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল।