ইংরেজি বিভাগের প্রধানের অপসারণ দাবিতে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মো. আতিউল্লাহর অপসারণ দাবিতে গতকাল সোমবার তাঁর কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরে তাঁরা বিভাগের ভবনের ফটকেও তালা দেন।ক্লাস-পরীক্ষা পেছানো, ফলাফল প্রকাশে গাফিলতি, ‘ইংলিশ কাউন্সিল’-এর অর্থ আত্মসাৎসহ ১৬টি অভিযোগ এনে ইংরেজি বিভাগের প্রধানকে অপসারণের দাবিতে গত রোববার উপাচার্য বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।২৪ ঘণ্টার মধ্যে দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। সময়সীমা পার হওয়ার পর গতকাল সকালে শিক্ষার্থীরা বিভাগীয় প্রধানের কার্যালয়ে তালা দেন। পরে শিক্ষার্থীরা ইংরেজি বিভাগের ভবনের ফটকেও তালা দেন। এ কারণে গতকাল ইংরেজি বিভাগে ক্লাস হয়নি।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুপুরে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য মো. সালেহ উদ্দিন। পরে বেলা দেড়টার দিকে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা ইংরেজি বিভাগে যান। তাঁরা শিক্ষার্থীদের তালা খুলে দিয়ে উপাচার্যের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন। পরে শিক্ষার্থীদের আট সদস্যের একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে শিক্ষার্থীরা বলেন, উপাচার্যের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়েছে। এর মধ্যে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না এলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।ইংরেজি বিভাগের প্রধান মো. আতিউল্লাহ তাঁর বিরুদ্ধে শিক্ষার্থীদের লিখিত অভিযোগ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘স্মারকলিপির কোনো কপি আমি পাইনি। কী অভিযোগ, না জেনে কিছু বলতে পারব না।’ তিনি বলেন, ‘বিভাগের শিক্ষার্থীরা গতকালও (রোববার) ক্লাসে ছিল না, আজও নেই।’উপাচার্য মো. সালেহ উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগ স্মারকলিপির মাধ্যমে পেয়েছি। এসব অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। সত্যতা পেলে আন্দোলন করতে হবে না, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’