ইংরেজি বিভাগের প্রধানের অপসারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি বিভাগের প্রধানের অপসারণের দাবিতে আবার আন্দোলন শুরু করেছেন বিভাগের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর একটা থেকে তাঁরা অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।ক্যাম্পাস সূত্র জানায়, দাবি আদায়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের বেঁধে দেওয়া ৭২ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পর গতকাল বৃহস্পতিবার আবার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাসের সঙ্গে দেখা করে তাঁদের দাবির বিষয়ে প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে জানতে চান। সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয় থেকে বেরিয়ে আসেন।শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন ইংরেজি বিভাগের প্রধান মো. আতীউল্লাহকে স্বপদে বহাল রেখে তদন্ত করতে চায়। তদন্ত প্রতিবেদন কবে প্রকাশ করা হবে এবং এর ভিত্তিতে কবে ব্যবস্থা নেওয়া হবে, সেই সম্পর্কে সুনির্দিষ্ট সময়সীমা না দিয়ে কালক্ষেপণ করছে। দু-একজন শিক্ষক আন্দোলন বানচাল করতে শিক্ষার্থীদের ফল বিপর্যয়ের ভয় দেখাচ্ছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের অভিযোগ সম্পর্কে তদন্ত করতে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।গত রোববার ইংরেজি বিভাগের প্রধান মো. আতীউল্লাহর বিরুদ্ধে ক্লাস-পরীক্ষা পেছানো, ফলাফল প্রকাশে বিলম্ব ও ‘ইংলিশ কাউন্সিল’-এর অর্থ আত্মসাৎসহ ১৬টি অভিযোগ এনে তাঁকে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর সঞ্চারকলিপি দেন। পরদিন বিভাগীয় প্রধানের কক্ষ ও সব শ্রেণীকক্ষে তালা দেন শিক্ষার্থীরা। পরে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের বৈঠক শেষে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছিলেন শিক্ষার্থীরা।