রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গতকাল রোববার মোস্তাসিরুল আলম ওরফে অনিন্দ্য (২২) নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
মোস্তাসিরুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর বাবার নাম শফিউল আলম। তাঁদের বাড়ি রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে অভিযান চালিয়ে কাদিরগঞ্জ
এলাকা থেকে মোস্তাসিরুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, মোস্তাসিরুল পরোক্ষভাবে এ হত্যা মামলার সঙ্গে জড়িত। এ জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাঁর রিমান্ড শুনানি হয়নি।
গত ২৩ এপ্রিল নিজ বাসার অদূরে খুন হন রেজাউল করিম সিদ্দিকী। এ ঘটনায় ওই দিন শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। এ মামলায় গতকাল পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন আটক অবস্থায় মারা গেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে পুলিশ জানিয়েছে। তাঁর নাম মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহ। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।