সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মো. আতীউল্লাহর অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন আগামী রোববার পর্যন্ত স্থগিত করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়েছেন।ক্যাম্পাস সূত্র জানায়, শিক্ষার্থীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট গতকাল বেলা একটা পর্যন্ত পালিত হয়েছে। শিক্ষার্থীরা বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং প্রক্টরিয়াল বডির আশ্বাসে ধর্মঘট স্থগিত করা হয়েছে।ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি কর্তৃপক্ষের তদন্তাধীন। তাই তদন্ত কমিটির দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের স্বার্থে শিক্ষার্থীদের ধর্মঘট তুলে নিতে বলেছি।’ইংরেজি বিভাগের প্রধান মো. আতীউল্লাহর বিরুদ্ধে ক্লাস-পরীক্ষা পেছানো, ফলাফল প্রকাশে বিলম্ব ও ‘ইংলিশ কাউন্সিল’-এর অর্থ আত্মসাৎসহ ১৬টি অভিযোগ এনে তাঁকে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর ২ সেপ্টেম্বর একটি সঞ্চারকলিপি দেন। পরদিন বিভাগীয় প্রধানের কক্ষ ও শ্রেণীকক্ষে তালা দেওয়া হয়। পরে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের বৈঠক শেষে গত বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখা হয়। দাবি পূরণ না হওয়ায় সেদিন থেকে আবার ধর্মঘট শুরু করেন শিক্ষার্থীরা।