রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার একই বিভাগের শিক্ষার্থী মোন্তাসিরুল আলম অনিন্দ্যকে গতকাল সোমবার আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ নিয়ে তাঁকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়া হলো।
দুই দিনের রিমান্ড শেষে গতকাল বিকেলে মোন্তাসিরুলকে রাজশাহী মহানগর হাকিম আদালত-৫-এ সোপর্দ করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাঁর (মোন্তাসিরুল) আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক কুদরাত-ই-খোদা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে তিন দিনের রিমান্ড শেষে গত শনিবার মোন্তাসিরুলকে রাজশাহী মহানগর হাকিম আদালত-২-এ সোপর্দ করা হয়। শুনানি শেষে বিচারক জাহিদুল ইসলাম দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোন্তাসিরুলের বাড়ি রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায়। তাঁর বাবা শফিউল আলম রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি। ৩ জুলাই ভোরে কাদিরগঞ্জ এলাকার ভাড়া বাসা থেকে মোন্তাসিরুলকে আটক করা হয়।
গত ২৩ এপ্রিল নিজ বাসার অদূরে খুন হন রেজাউল করিম সিদ্দিকী। এ ঘটনায় ওই দিনই তাঁর ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ নগরের বোয়ালিয়া থানায় মামলা করেন। এ মামলায় এ নিয়ে গ্রেপ্তার ১২ জনের মধ্যে একজন আটকাবস্থায় মারা গেছেন।