জিন-বিজ্ঞানী আবেদ চৌধুরী বলেছেন, ‘আমরা ইংরেজিতে পিছিয়ে আছি। ইংরেজি ভাষা নয়, একটি সম্পদ। শুধুমাত্র ইংরেজি ভাষা ও আন্তর্জাতিক যোগাযোগ বাড়ালে আমাদের অর্থ উপার্জনের আরেকটা উপায় হতে পারে।’ আবেদ চৌধুরী গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়া মিলনায়তনে আউট সোর্সিং ও ইংরেজি ভাষায় দক্ষতা শীর্ষক সেমিনারে এ কথাগুলো বলেন। মৌলভীবাজার সরকারি কলেজ আয়োজিত এই সেমিনারে এ ছাড়া বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বদরুজ্জামান চৌধুরী।আবেদ চৌধুরী বলেন, ‘আমাদের দেশে অনেক মেধাবী ও উদ্যমী তরুণ রয়েছে। আমাদের অফুরন্ত সম্ভাবনা রয়েছে। সামনে অর্থনৈতিক মন্দা আসছে। এ অবস্থায় বড় বড় বাণিজ্যিক-প্রতিষ্ঠান শ্রমিক সংকুচিত করে ই-কমার্সে আসছে। আমাদের এ বাজার ধরার সুযোগ আছে। এই সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশের তরুণদের বড় ধরনের আত্মকর্মসংস্থান সৃষ্টি হতে পারে। আমরা ২০২০ সালের মধ্যে দেশের এক মিলিয়ন লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।’