ইংরেজি মাধ্যমে ভ্যাট অবৈধ ঘোষণার রায় স্থগিত
ইংরেজি মাধ্যমের স্কুলের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় ২৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত ১২ ডিসেম্বর হাইকোর্ট ইংরেজি মাধ্যমের স্কুলের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে রায় দেন। এই রায় স্থগিত চেয়ে ১৪ ডিসেম্বর এনবিআর আবেদন করে। ২ জানুয়ারি চেম্বার বিচারপতি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও এম মনজুর আলম। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান বলেন, হাইকোর্টের রায় ২৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে। ওই দিন বিষয়টি শুনানির জন্য তালিকায় আসবে। তিনি বলেন, হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় ইংরেজি মাধ্যমের স্কুলশিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭% হারে ভ্যাট আদায়ে আইনগত বাধা নেই।
ইংরেজি মাধ্যমের ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতনের ওপর ২০১২ সালে সাড়ে ৪% ভ্যাট আরোপ করা হয়। এরপর বাজেটে তা বাড়িয়ে সাড়ে ৭% করা হয়, এর আওতায় আনা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। এতে বিশ্ববিদ্যালয়–শিক্ষার্থীরা আন্দোলনে নামলে তাঁদের ক্ষেত্রে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। ভ্যাট বাতিলের দাবিতে ঢাকায় মানববন্ধন করেন ইংরেজি মাধ্যম স্কুলগুলোর শিক্ষার্থীদের অভিভাবকেরা। এ অবস্থায় গত বছরের সেপ্টেম্বরে সানিডেল ও সান বিম স্কুলের দুই শিক্ষার্থীর অভিভাবক ভ্যাট বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন।