ইংরেজি মাধ্যমে ভ্যাট দিতে হবে
বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের মাসিক বেতনের ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট বা মূল্য সংযোজন কর (মূসক) স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।
এনবিআরের পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, হাইকোর্টের দেওয়া স্থগিত আদেশের কার্যকারিতা আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এই আদেশের ফলে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট দিতে হবে।
রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করা আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, স্কুলের শিশুদের ওপর এভাবে ভ্যাট আরোপ প্রত্যাশিত ছিল না। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে, বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিশুদের কাছ থেকে টাকা আদায় করতে সরকার বদ্ধপরিকর।
চলতি অর্থবছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করে সরকার। তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা প্রত্যাহার করতে বাধ্য হয়।