ইংরেজি মাধ্যমের পরীক্ষার সময় হরতাল না দেওয়ার অনুরোধ
আসন্ন ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা চলার সময় হরতাল, অবরোধ, লংমার্চসহ পরীক্ষা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কর্মসূচি না দিতে সব রাজনৈতিক দল ও সংগঠনের প্রতি অনুরোধ জানিয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল স্টুডেন্টস-গার্ডিয়ানস ফোরাম। গতকাল শনিবার ফোরামের পক্ষে সংগঠনের আহ্বায়ক কামরুল ইসলামসহ কয়েকজন নেতা এক যুক্ত বিবৃতিতে এ অনুরোধ জানান। আগামী ৭ মে থেকে শুরু হচ্ছে ইংরেজি মাধ্যম স্কুলের ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা। শেষ হবে জুনের মাঝামাঝি।বিবৃতিতে বলা হয়, বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট, হেফাজতে ইসলাম ও গণজাগরণ মঞ্চের চলমান আন্দোলনের কারণে এবারের ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা নিয়ে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ রয়েছে। পরীক্ষাগুলো বিশ্বের বিভিন্ন দেশে একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হয়। অতীতে দেখা গেছে, সকাল-সন্ধ্যা হরতালের জন্য ওই দিন রাতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু হরতাল যদি ২৪ ঘণ্টা বা তার বেশি হয়, তাহলে পরীক্ষা বাতিল হয়ে যাবে।বিবৃতিতে আরও বলা হয়, কিছুদিন ধরে দেশবাসী লক্ষ্য করছে, হরতালের আগের দিন গাড়ি পোড়ানো, সড়ক অবরোধ ও জনতা-পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে পরীক্ষার্থীরা ভীতসন্ত্রস্তবোধ করে এবং তারা প্রচণ্ড মানসিক চাপ ও অনিশ্চয়তার মধ্যে পড়ছে।বিবৃতিতে বলা হয়, হরতাল দেওয়ার অধিকার সব রাজনৈতিক দলেরই আছে। কিন্তু দলগুলো এটাও জানে, পরীক্ষার্থীরা হচ্ছে দেশ ও জাতির ভবিষ্যৎ। তারা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর নয়, দল-মতনির্বিশেষে সবার সন্তান। তাই তাদের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে পরীক্ষার সময় হরতালসহ নেতিবাচক কর্মসূচি না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়।