ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ইংরেজি মাধ্যম থেকে উত্তীর্ণ (এ-লেভেল বা উচ্চমাধ্যমিক সমমান) প্রার্থীদের আলাদা প্রশ্নপত্রে কেন পরীক্ষা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রোববার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, শিক্ষাসচিব, স্বাস্থ্যসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিকেল এডুকেশনের পরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
ইংরেজি মাধ্যমে পড়ুয়া এক শিক্ষার্থীর অভিভাবক মো. আতিকুর রহমান এই রিট আবেদনটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রেজা মো. সাদেকীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
পরে আইনজীবী রেজা মো. সাদেকীন প্রথম আলোকে বলেন, বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করার ন্যূনতম যোগ্যতার ক্ষেত্রে ইংরেজি মাধ্যম ও বাংলা মাধ্যমে উত্তীর্ণ অংশগ্রহণকারীদের মধ্যে বৈষম্য রয়েছে। এ ছাড়া ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে বাংলা মাধ্যমের পাঠ্যক্রম অনুসরণ করা হয়ে থাকে। ফলে ইংরেজি মাধ্যম থেকে উত্তীর্ণ প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব যুক্তিতে রিটটি করা হলে আদালত ওই রুল দেন।