ইংরেজি মাধ্যমের স্কুলে ভ্যাট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফির ওপরে সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট বা মূল্য সংযোজন কর (মূসক) ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই ভ্যাট আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। তাঁকে সহযোগিতা করেন মনজুর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।
শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, গত অর্থবছরে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বেতনের ওপর সাড়ে ৪ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হয়, চলতি অর্থবছরে বাড়িয়ে তা সাড়ে ৭ শতাংশ করা হয়। দুটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীর অভিভাবক ওই ভ্যাট চ্যালেঞ্জ করে গত বুধবার রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল দিয়েছেন, শিক্ষাসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে এ রুলের জবাব দিতে হবে।
চলতি অর্থবছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হলে তা প্রত্যাহারের জন্য আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে গত সোমবার সরকার ওই ভ্যাট প্রত্যাহার করে। তবে ইংরেজি মাধ্যমের স্কুলে তা বহাল রয়েছে।
মানববন্ধন: টিউশন ফির ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর ধানমন্ডির ১১/এ নম্বর সড়কে মানববন্ধন করে কয়েকটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। মানববন্ধনে অংশ নেয় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল, ইউনিভার্সেল টিউটোরিয়াল, সিদ্দিকী ইন্টারন্যাশনাল স্কুল, ম্যাপললিফ স্কুলসহ আরও কয়েকটি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীদের আগে থেকেই সাড়ে ৪ শতাংশ ভ্যাট দিতে হতো। এবার তা বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে তাঁরা অযৌক্তিক বলে উল্লেখ করেছেন।