ইংরেজি মাধ্যমের ১৯০১ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ডেইলি স্টার

ইংরেজি মাধ্যমের ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ১ হাজার ৯০১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। এর মধ্যে ৫৬ জন সারা বিশ্বের মধ্যে বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ স্কোর পাওয়া শিক্ষার্থীও রয়েছে।
গতকাল শনিবার রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে ‘ভবিষ্যৎ জাতি গঠনের কারিগরদের অভিবাদন’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রতি এই সম্মান জানানো হয়। ডেইলি স্টার ১৯৯৯ সাল থেকে এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আসছে। গতকাল ছিল ১৮তম অনুষ্ঠান।
সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৪৮৮ জন ‘ও’ লেভেলের এবং ৪১৩ জন ‘এ’ লেভেলের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এদের মধ্যে ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড পাওয়া তিন শিক্ষার্থীকে বিশেষভাবে সম্মাননা জানানো হয়। তারা হলো সানজানা নামরিন, মোহাম্মদ মোহাইমেন, মাহিন এ আর রহমান।
এই অনুষ্ঠানকে ঘিরে কৃতী শিক্ষার্থীদের মিলনমেলা বসেছিল। তাদের সঙ্গে এসেছিলেন তাদের অভিভাবক, শিক্ষক, বন্ধু ও পরিবারের সদস্যরা। ইংরেজি মাধ্যমের ৮৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ব্যক্তিগত সফলতা গুরুত্বপূর্ণ। কিন্তু সর্বোপরি সুখ ও সন্তুষ্টি আসবে তখনই, যখন নিজেকে পরিবর্তন করে অন্যদের জন্য কাজ করতে পারবে। তিনি শিক্ষার্থীদের বৈশ্বিক শিক্ষার্থী হওয়ার উপদেশ দেন।
মাতৃভাষাকে ভালোবাসার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, বাংলা ভাষার মতো এত সুন্দর ভাষা আর নেই।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের সভাপতি এজাজ আহমেদ, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসাইন, এডিসন গ্রুপের জ্যেষ্ঠ পরিচালক মাকসুদুর রহমান প্রমুখ।