ইংরেজি শিক্ষকের সংকট, ফলাফল খারাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি বিষয়ে শিক্ষকসংকটের কারণে চাঁদপুরের মতলব দক্ষিণ ও উত্তর উপজেলার আটটি বেসরকারি কলেজের প্রায় চার হাজার শিক্ষার্থীর ইংরেজি পাঠদান ব্যাহত হচ্ছে। ইংরেজি শিক্ষকসংকটের প্রভাব পড়েছে বিগত এইচএসসি পরীক্ষার ফলাফলেও। সংশ্লিষ্ট কলেজগুলোর কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার। এখানে গত চার বছর ধরে একজন ইংরেজি শিক্ষকও নেই। মতলব উত্তর উপজেলার নাউরী আদর্শ কলেজে শিক্ষার্থী তিন শতাধিক। এখানেও গত দুই বছর ধরে ইংরেজি শিক্ষক নেই। এ ছাড়া উপজেলার মুন্সী আজিম উদ্দিন কলেজে ৪০০ শিক্ষার্থীর জন্য একজন, লুধুয়া স্কুল অ্যান্ড কলেজে তিন শতাধিক শিক্ষার্থীর জন্য একজন, সুজাতপুর কলেজে দুই শতাধিক শিক্ষার্থীর জন্য একজন, নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড কলেজে পাঁচ শতাধিক শিক্ষার্থীর জন্য অস্থায়ীভাবে একজন, কালীপুর স্কুল অ্যান্ড কলেজে চার শতাধিক শিক্ষার্থীর জন্য একজন (খণ্ডকালীন) এবং মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট কলেজে প্রায় সাড়ে ৪০০ শিক্ষার্থীর জন্য ইংরেজি বিষয়ের একজন শিক্ষক আছেন। সূত্র মতে, আটটি কলেজের প্রায় চার হাজার শিক্ষার্থীর জন্য ইংরেজির কমপক্ষে ১৬ থেকে ২৪ জন শিক্ষক প্রয়োজন; সেখানে কর্মরত মাত্র ছয়জন। নাম প্রকাশ না করার শর্তে এসব কলেজের একাধিক শিক্ষক-শিক্ষার্থী জানায়, উল্লিখিত কলেজগুলোয় কাগজে-কলমে একজন করে ইংরেজি শিক্ষক থাকলেও বাস্তবে এঁরা সপ্তাহে দু-তিন দিনের বেশি কলেজে আসেন না। সূত্র জানায়, ইংরেজি শিক্ষকসংকটের কারণে এসব কলেজে বিগত কয়েকটি এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে খারাপ করেছে। ফলে এসব কলেজের সার্বিক ফলাফলও প্রায় বিপর্যয়কর। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় (মতলব উত্তর ও দক্ষিণ) এবং সংশ্লিষ্ট কলেজগুলোর কার্যালয় সূত্রে জানা গেছে, গত এইচএসসি পরীক্ষায় কালীপুর স্কুল অ্যান্ড কলেজে ৩০ শতাংশ, নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড কলেজে ২৯ শতাংশ, সুজাতপুর কলেজে ২৮ শতাংশ, মুন্সী আজিম উদ্দিন কলেজে ২৯ শতাংশ, নাউরী আদর্শ কলেজে ৪৮ শতাংশ, নারায়ণপুর ডিগ্রি কলেজে ৫২ শতাংশ, মুন্সীরহাট কলেজে ৫২ শতাংশ এবং লুধুয়া স্কুল অ্যান্ড কলেজে ৭০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার কলেজ পরিদর্শক নিজামুল করীম বলেন, এ বছর বোর্ডে পাসের হার ছিল ৭৫ ভাগ। পাসের হার ৫০ ভাগের নিচে থাকায় মতলবের কালীপুর স্কুল অ্যান্ড কলেজ, নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড কলেজ, সুজাতপুর কলেজ, মুন্সী আজিম উদ্দিন কলেজ এবং নাউরী আদর্শ কলেজকে গত সেপ্টেম্বরে বোর্ডের পক্ষ থেকে শোকজ করা হয়েছে। নারায়ণপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী পলি রানী দাস এবং নাউরী আদর্শ কলেজের শিক্ষার্থী মমিন মিয়া বলেন, ‘শিক্ষক না থাকায় আমাদের ইংরেজি ক্লাস হয় না বললেই চলে। মাঝেমধ্যে অন্য বিষয়ের শিক্ষকেরা আমাদের ইংরেজি ক্লাস নেন।’ নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন বলেন, ‘ইংরেজি শিক্ষক নিয়োগ দিলেও তাঁরা থাকেন না। এখন অর্থনীতির শিক্ষক দিয়ে সপ্তাহে তিন দিন ইংরেজি ক্লাস নেওয়া হচ্ছে।’ নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মইনুল ইসলাম খান বলেন, ‘ফলাফল খারাপের একমাত্র কারণ ইংরেজি শিক্ষকের অভাব। এ সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’ মুন্সীরহাট কলেজের অধ্যক্ষ এম এ মালেক বলেন, ‘শিক্ষার্থীদের ইংরেজি পাঠদান চলছে জোড়াতালি দিয়ে। আরও একজন ইংরেজি শিক্ষক নেওয়ার অর্থ-সামর্থ্যও কলেজের নেই।’ নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পিয়াল হক এবং কালীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এনামুল হক জানান, তাঁদের কলেজে একজন করে ইংরেজি শিক্ষক থাকলেও তাঁরা প্রতিদিন কলেজে আসেন না। একজন শিক্ষক দিয়ে এতগুলো শিক্ষার্থীর নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব নয়। এতে ছাত্রছাত্রীদের ফলাফল খারাপ হচ্ছে।মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মাহমুদ বলেন, ‘গ্রামের কলেজগুলোয় ইংরেজি শিক্ষক তেমন পাওয়া যায় না। অনেকে এসেও থাকেন না। এ জন্য শিক্ষার্থীদের ইংরেজি পাঠদান বিঘ্নিত হচ্ছে। ইংরিজ বিষয়ের ফলাফলও খারাপ হচ্ছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’